লিঙ্গত্বের পরিচয় বেছে নেওয়ার ব্যক্তিগত অধিকারকে কেড়ে নিতে চাইছে কেন্দ্রের সংশোধনী বিল। তার বদলে রাষ্ট্রীয় নজরদারিকে চাপিয়ে দিতে চাইছে।
কেন্দ্রের ‘ট্রান্সজেন্ডার’ আইন সংশোধনী বিলের বিরোধিতায় এই মর্মে বিবৃতি দিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
২০১৪ সালের একটি মামলার উল্লেখ করে পলিট ব্যুরো বলেছে যে সুপ্রিম কোর্ট লিঙ্গত্বের পরিচয় বেছে নেওয়ার ব্যক্তিগত অধিকারকে স্বীকৃতি দিয়েছিল। ট্রান্সজেন্ডার ব্যক্তিবর্গের অধিকার সুরক্ষা আইন সংশোধনী বিলে মৌলিকভাবে সেই অধিকারকে অস্বীকার করা হয়েছে।
সংশোধনী বিলে বলা হয়েছে যে ভিন্ন লিঙ্গত্বের পরিচয় ঘোষণা করতে হলে মুখ্য মেডিক্যাল আধিাকিরকের নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ডের শংসাপত্র লাগবে। ৪ ধারায় জেলা শাসককে শংসাপত্র খতিয়ে দেখে পরিচয়ের নথি দেওয়ার কথা বলা হয়েছে। ট্রান্সজেন্ডার-কে তাঁর পরিচয়ের স্বীকৃতি পাওয়ার জন্য আমলাতান্ত্রিক নজরদারির মধ্যে ফেলার প্রস্তাব রয়েছে।
পলিট ব্যুরো বলেছে, সংবিধানের ২১ ধারা ব্যক্তি স্বাতন্ত্র্য, আত্মমর্যাদা এবং ব্যক্তিগত স্বাধিকার দিয়েছে। তাকে অস্বীকার করছে বিলের এমন আইনি সংস্থানের প্রস্তাব।
২০১৯’র ট্রান্সজেন্ডার আইনকে সংশোধন করতে আনা হয়েছে বিল। পলিট ব্যুরো বলেছে যে বিজেপি সরকার চলে হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গিতে। লিঙ্গ এবং সামাজিক কাঠামোয় স্থবির ব্রাহ্মণ্যবাদী ধারণা এই দৃষ্টিভঙ্গির অংশ। সে কারণে এই বিলেও পিছনের ঠেলে দেওয়ার মনুবাদী দৃষ্টিভঙ্গির প্রভাব পড়েছে। এর আগে সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় সরকারের পিছিনের দিকে চলার মানসিকতা ধরা পড়েছে। কেন্দ্র রূপান্তরকামী অংশের রক্তদানে নিষেধাজ্ঞা তুলে নিতে অস্বীকার করেছে।
পলিট ব্যুরোর ক্ষোভ, ২০১৯’র আইনে যেটুকু স্বীকৃতি ছিল তাও কেড়ে নিতে চাইছে এই সংশোধনী। সাংবিধানিক অধিকারে ওপর আক্রমণ এই বিল। সিপিআই(এম)’র দাবি, এই বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।
Transgender Rights Amendment Bill
‘ট্রান্সজেন্ডার’ অধিকার আইন সংশোধনী বিল প্রত্যাহারের দাবি পলিট ব্যুরোর
×
Comments :0