Buddhadev Bhattacharya Bhawan

তেলেনিপাড়ায় গড়ে উঠল ‘বুদ্ধদেব ভট্টাচার্য ভবন‘

জেলা

তেলেনিপাড়ায় বুদ্ধদেব ভট্টাচার্য ভবন উদ্বোধন করছেন তড়িৎবরণ তোপদার।

বারাকপুর রোডের দেবপুকুর মোড় থেকে তেলেনিপাড়া গ্রাম পর্যন্ত সেজে উঠেছে লাল পতাকায়। ৫০টি আদিবাসী পরিবার করেছে সহায়তা। এলাকার দু’শোর বেশি পরিবারের দিয়েছে অর্থ। তা দিয়েই গড়ে উঠল সিপিআই(এম)'র তেলেনিপাড়া ১ ও ২ শাখা কার্যালয়। নামকরণ করা হয়েছে কমরেড সিপিআই(এম) নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে। শুক্রবার উদ্বোধন হলো ‘বুদ্ধদেব ভট্টাচার্য ভবন’-র। 
শনিবার, ১ মার্চ, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে সিপিআই(এম)। কলকাতায় আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে গণশক্তি ভবনের পাশে হবে ‘বাংলার পুনরুত্থান এবং বিকল্পের ভাবনা‘ শীর্ষক আলোচনা সভা। অংশ নেবেন জহর সরকার, রতন খাসনবিশ, ডাঃ অরুণ সিং, অনিতা অগ্নিহোত্রী। প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট আয়োজিত এই কর্মসূচিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।    
তার ঠিক আগের দিন, তেলেনিপাড়ায় সিপিআই(এম)’র কার্যালয় উদ্বোধন ঘিরে কর্মসূচিতে এগিয়ে এসেছেন স্থানীয় সব অংশের বাসিন্দারা। পিছিয়ে থাকেননি এলাকার কৃষকরা। মাঠ থেকে আলু-কুমড়ো, ফুলকপি, কড়াইশুঁটি, বেগুন, সিম বরবটি পাঠিয়ে দিয়েছেন। সিপিআই(এম) বারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির এই এলাকায় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্টি দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবীণ সিপিআই)এম) নেতা ও প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার। এলাকার প্রতিটি মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দার, গার্গী চ্যাটার্জি। বক্তব্য রাখেন পার্টিনেতা পারভেজুর রহমানও। তাঁরা বলেন যে দুর্নীতিগ্ৰস্ত তৃণমূল ও বিভাজনের শক্তি বিজেপি-কে নির্বাচনে পরাস্ত করতে হবে। বাংলা বাঁচাতে বামপন্থীদের জয় কে সুনিশ্চিত করতে হবে। সভাপতিত্ব করেন পার্টি নেতা মোস্তাক আলি।

Comments :0

Login to leave a comment