Coochbehar

কোচবিহার পিলখানা এলাকার সিপিআই(এম) দপ্তর পুনরুদ্ধার

জেলা

ভয়কে জয় করে এগিয়ে এলেন সাধারণ মানুষ। তৃণমূলের দখল করা সিপিআই(এম) দপ্তর পুনরুদ্ধার করলেন তারাই। তৃণমূলের পতাকা, প্রচার সামগ্রী সরিয়ে তারাই লাল পতাকা লাগিয়ে দিলেন এই দপ্তরে। প্রথম থেকেই সারা ভারত কৃষক সভার দপ্তর ছিল এটি। পরবর্তীতে তা রূপান্তরিত হয় সিপিআই(এম) দপ্তরে। কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত পিলখানা এলাকায় এই পুনরুদ্ধার হওয়ায় কার্যত খুশির আবহ সমগ্র এলাকায়। এক নতুন অধ্যায়ের সূচনা করলেন এই এলাকার সাধারণ মানুষ। সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই এই ছবি দেখা গেল তৃণমূলের দুষ্কৃতিদের সন্ত্রাস কবলিত এই এলাকায়।
২০১৬সালে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পিলখানা এলাকার এই সিপিআই(এম) দপ্তরটি দখল করে তৃণমূলি দুষ্কৃতিরা। পরবর্তীতে দত্তটি পুনরুদ্ধার করা হলেও পুনরায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই দপ্তরটি আবারও দখল করে তৃণমূল। অবশেষে আবার এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে পুনরুদ্ধার হল এই দপ্তরটি। পুনরায় সন্ধ্যের পর এই দপ্তরে ভিড় জামাচ্ছেন এই এলাকার খেতে খাওয়া সাধারণ মানুষ। এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা শম্ভু চৌধুরী বলেন, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়েছেন এই পিলখানা এলাকার সাধারণ মানুষেরা। তারা চাইছেন এই দুষ্কৃতিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন। এলাকায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।’’

Comments :0

Login to leave a comment