অনন্ত সাঁতরা,পান্ডুয়া
জনস্রোতের মধ্য দিয়ে পাণ্ডুয়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আমজাদ হোসেনের সমর্থনে বিশাল মহামিছিল হয়। সোমবার বিকালে পান্ডুয়ার কলবাজার থেকে মিছিল শুরু হয়ে জিটিরোড ধরে এগিয়ে চলে। জিটিরোডের চওড়া কালো পিচরাস্তায় লালঝান্ডা হাতে অসংখ্য মানুষের মিছিলে ঢেকে যায়। দীর্ঘ মিছিল দেখতে শুরু থেকে জিটি রোডের দু'ধারে বহু মানুষ সমবেত হয়েছিলেন। পথচলতি মানুষজন থেকে দোকানদার এগিয়ে এসে মিছিলকে স্বাগত জানান। মিছিলের সামনে ছিলেন প্রার্থী আমজাদ হোসেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জী। এছাড়া ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রদীপ সাহা, পার্টি নেতা রামকৃষ্ণ রায়চৌধুরী, শ্যামল ঘোষাল সহ অন্যান্যরা। প্রার্থী আমজাদ হোসেন ও মীনাক্ষী মুখার্জী হাত নেড়ে তাদের শুভেচ্ছা বিনিময় করেন রাস্তার দু'ধারে দাড়িয়ে থাকা জনতা। বামফ্রন্ট ও সহযোগী দলগুলির উদ্যোগে এই মহামিছিল হয়।
জিটি রোড ধরে লাল ঝান্ডা ও লাল বেলুনে সুসজ্জিত মিছিল যত সামনের দিকে এগিয়েছে মিছিলের সারি তত দীর্ঘ হয়েছে। জীবন জীবিকার সুরক্ষার নানান দাবি, লুটেরা তৃণমূল ও বিভাজনের শক্তি বিজেপিকে পরাস্ত করার আহবান জানিয়ে সোচ্চার শ্লোগান উঠে। গোটা পান্ডুয়া ব্লকের গ্রামগঞ্জ থেকে লালঝান্ডা লাগানো ট্রাক্টর, লড়ি, অটো - টোটো, মোটর ভ্যান চেপে মানুষ জন মিছিলে যোগ দেন। আদিবাসী, খেতমজুর পাড়ার মহিলারা ব্যাপক সংখ্যায় অংশ নেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহামিছিল তেলিপাড়া, পান্ডুয়া হাসপাতালের সামনে দিয়ে মেলাতলা অতিক্রম করে সমাবেশ স্থলে পৌঁছায়।
সমাবেশ হয় শান্তিনগর বিবেকানন্দ নগর জিএসএফপি বিদ্যালয়ের মাঠে। সমাবেশে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জী, দেবব্রত ঘোষ ও প্রার্থী আমজাদ হোসেন। সমাবেশ পরিচালনা করেন প্রদীপ সাহা। উপচে পড়া মাঠে মীনাক্ষী মুখার্জী বলেন, এই বিশাল মহামিছিল তৃণমূলের বিরুদ্ধে ঘৃণার ঝড়। ১৫ টা বছর এই সরকার চলছে। প্রায় প্রতিদিন মহিলাদের আক্রান্ত হতে হচ্ছে। তিনি বলেন, মাইক্রোফিনান্সের কবলে পড়ে গরিব মানুষেরা সর্বশ্রান্ত হচ্ছে। অথচ রাজ্য সরকারের কোন ভূমিকা নেই। আপনার পাড়ায়-গ্রামের স্কুলে ভালো শিক্ষক নেই। অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে প্রাইভেট স্কুলের পড়াতে প্রচুর টাকা অনুদান দিতে হয়। গরিব পরিবারের পক্ষ্যে তা সম্ভব হয় না। সরকার এসব দেখে না।
লাল ঝান্ডা শক্তিশালী হলে এই সব সমস্যার সমাধান করা হবে। প্রার্থী আমজাদ হোসেন বলেন, আজকের জনজমায়েত জানান দিচ্ছে তৃণমূল- বিজেপির কোন ষড়যন্ত্র টিঁকবে না। পান্ডুয়া লাল ঝান্ডার দুর্জয় ঘাঁটি। ২০১১ ও ২০১৬ তা প্রমাণ হয়েছিল। এবারে পান্ডুয়া থানায় লাল ঝড় উঠেছে।
Comments :0