Denied Lift Construction Worker Climbed Stairs to 21st Floor

লিফট রয়েছে চারটি, তবু ইট বয়ে সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠতে হলো নির্মাণ শ্রমিককে

জাতীয়

চারটি সচল লিফট থাকা সত্ত্বেও মাথায় ভারী কংক্রিটের ব্লক নিয়ে সিঁড়ি দিয়ে ২১ তলায় উঠতে হল এক নির্মাণ শ্রমিককে। আবাসনের লিফটগুলি সচল থাকলেও নির্মাণসামগ্রী বহনের জন্য সেগুলি ব্যবহারের অনুমতি ছিল না শ্রমিকদের। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ভিডিওতে দেখা গিয়েছে, এক নির্মাণ শ্রমিক মাথায় দু’টি কংক্রিটের ব্লক নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। একের পর এক তলা পেরিয়ে তাঁকে পায়ে হেঁটেই ২১ তলায় পৌঁছতে হয়। ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডিম্পস প্রথম ভিডিওটি পোস্ট করেছিলেন। যদিও পরে তাঁর প্রোফাইলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। ভিডিও-র সত্যতা যদিও পরীক্ষা করা যায়নি। তবে সোশাল মিডিয়ায় ভিডিও ঘিরে এসেছে বহু মন্তব্য। 
ভিডিওটি করার সময় ডিম্পস জানান, ওই আবাসনে চারটি লিফট রয়েছে। কিন্তু নির্মাণ শ্রমিকদের মালপত্র বহনের জন্য লিফট ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ভিডিওতে তিনি সচল লিফটগুলিও দেখান। পরে এক্স ব্যবহারকারী অমিত সিং ভিডিওটি পুনরায় পোস্ট করেন। আবাসনের এই ব্যবস্থার সমালোচনা করে তিনি জানান, চারটি লিফট থাকা সত্ত্বেও শ্রমিকদের ভারী নির্মাণসামগ্রী নিয়ে ২১ তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। লিফটগুলি শুধুমাত্র আবাসনের বাসিন্দাদের জন্য নির্দিষ্ট।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শ্রমিকদের সঙ্গে এমন আচরণের সমালোচনা করেন। তাঁদের বক্তব্য, যে শ্রমিকদের পরিশ্রমে বহুতল আবাসন তৈরি হচ্ছে, তাঁরাই সেখানে ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চারটি সচল লিফট থাকা সত্ত্বেও তাঁদের ভারী নির্মাণসামগ্রী মাথায় নিয়ে ২১ তলা সিঁড়ি ভাঙতে বাধ্য করা শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি অবহেলার পরিচয়।

Comments :0

Login to leave a comment