প্রাপ্য অধিকার আদায়ের দাবিতে শনিবার সারা রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও মিছিল করেছিলেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-র ডাকে, বামপন্থী অন্যান্য শিক্ষক সংগঠনগুলির অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারীদের মূল দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে এবং বাকি ৭৫ শতাংশ দ্রুত প্রদান করতে হবে। পাশাপাশি সপ্তম পে কমিশন গঠন, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা, পার্শ্ব, ভোকেশনাল, চুক্তিভিত্তিক ও আইসিটি শিক্ষকদের সমকাজে সমবেতন, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্তদের টেট থেকে অব্যাহতি এবং শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিও তোলা হয় ওই মিছিলে। সাধারণ শিক্ষাব্যবস্থাকে রক্ষার দাবিও মিছিলে উচ্চারিত হয়।
মিছিলের আগে কদমতলার সত্যপ্রিয় ভবনে রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শহর পরিক্রমা করে শিক্ষক-শিক্ষাকর্মীরা জমায়েতে অংশ নেন।
জমায়েতে বক্তব্য রাখেন এবিপিটিএ'র জেলা সম্পাদক ও রাজ্যের অন্যতম সহ-সভাপতি বিপ্লব ঝা, এবিটিএ'র জেলা সম্পাদক কৌশিক গোস্বামী সহ নেতৃত্ব। উপস্থিত ছিলেন বামপন্থী শিক্ষক সংগঠনের নেতা বিপ্লব পাল ও অমল গোস্বামী-সহ অন্যান্যরা।
শিক্ষাক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়া হয় মিছিল থেকে।।
Education workers rally
মহার্ঘ ভাতা, নিয়োগ, হেলথ স্কিমের দাবিতে মিছিল শিক্ষাকর্মীদের
ছবি-বামপন্থী সংগঠনগুলির ডাকে প্রাপ্য অধিকারের দাবিতে শিক্ষক–শিক্ষাকর্মীদের মিছিল জলপাইগুড়িতে ।
×
Comments :0