শাসক দলের অন্তর কলহের মাঝেই বুধবার রাজগঞ্জ ব্লকের সীমান্তবর্তী ভাঙ্গামালি ছোট চা বাগানের শ্রমিকদের মাঝে ও খুনিয়া হাটের ব্যবসায়ী ও হাটে আসা মানুষদের মধ্যে প্রচার সারলেন রাজগঞ্জের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী খরেন্দ্র নাথ রায়। তিনি কথা বলেন এলাকার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে। দাবি করেন কৃষকের ফসলের ন্যায্য দাম, আলু চাষীদের থেকে সরকারি সহায়ক মূল্যে আলু কেনার। তিনি চা শ্রমিক ও কৃষকদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বামফ্রন্ট সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এবং বর্তমান তৃণমূল সরকারের সময়ে সাম্প্রদায়িক শক্তির আস্ফালনের কথাও তুলে ধরেন। এসআইআর প্রসঙ্গে প্রার্থী বলেন, কয়েক পুরুষ ধরে ভোট দিয়ে আসা সত্যেও কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের চক্রান্তে এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের সরকারি আধিকারিকদের সহায়তায়। ষাট লক্ষের বেশি ভোটারের নাম ‘বিবেচনাধীন’ রেখে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। ২০ লক্ষের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করছে কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের ১৯ দিন পরও বের হয়নি কোনও সাপ্লিমেন্টারি তালিকা। ভোটাধিকার রক্ষায় লড়াই জোরালো করার আহ্বানও জানিয়েছেন রাজগঞ্জের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী খরেন্দ্র নাথ রায়। প্রার্থীকে কাছে পেয়ে এদিন এলাকার মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশে থাকার বার্তা দেন। এলাকার জনপ্রিয় কৃষক নেতা খরেন্দ্রনাথ রায়ের সঙ্গে প্রচারে ছিলেন মহিলা নেত্রী রিনা সরকার, সিপিআই(এম) নেতা মুক্তাল হোসেন এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, রাজগঞ্জের প্রাক্তন বিধায়ক ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মহেন্দ্র কুমার রায় সহ সিপিআই(এম) কর্মী সমর্থকরা।
Election 2026 Rajganj
রাজগঞ্জের বাম প্রার্থীর পাশে থাকার বার্তা চা শ্রমিক-কৃষকদের
×
Comments :0