উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া জনপদে ফের বন্যপ্রাণের হানা। শুক্রবার গভীর রাতে লাটাগুড়ির একটি পর্যটক আবাসে ঢুকে তাণ্ডব চালাল একটি দলছুট বন্য হাতি। ঘটনায় আবাসের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের গরুমারা জাতীয় উদ্যান থেকে একটি হাতি দলছুট হয়ে লোকালয়ে চলে আসে। গভীর রাতে আচমকাই সেটি পর্যটক আবাসের চত্বরে ঢুকে পড়ে। হঠাৎ হাতির গর্জন ও দাপাদাপিতে ঘুম ভেঙে যায় পর্যটক ও আবাসকর্মীদের। আতঙ্কে অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আশেপাশের বাসিন্দারাও ঘরবন্দি হয়ে পড়েন।
রাতভর আবাস চত্বরে দাপিয়ে বেড়ায় হাতিটি। খবর পেয়ে বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটিকে পুনরায় জঙ্গলের দিকে ফেরাতে সক্ষম হন তাঁরা।
বন দপ্তর সূত্রে জানা গেছে, হাতির ধাক্কায় পর্যটক আবাসের একটি লোহার রেলিং ভেঙে চুরমার হয়ে গেছে। বাগানেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মানুষের কোনও শারীরিক ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণের এমন আকস্মিক হানায় পর্যটন কেন্দ্র লাটাগুড়িতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
Elephants
লাটাগুড়িতে পর্যটক আবাসে দলছুট হাতির তাণ্ডব
×
Comments :0