west bengal assembly election

বিশ্বাস হারিয়েছে বিজেপি এবং তৃণমূল, লাল ঝান্ডাতেই আস্থা কোচবিহার উত্তর বিধানসভার কৃষকদের

জেলা

আলু চাষিদের মধ্যে ভোট প্রচার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যী। ছবি - অমিত কুমার দেব।

সংকটে আলু চাষিরা। উদাসীন রাজ্য ও কেন্দ্রের সরকার। এবারের বিধানসভা নির্বাচনে লাল ঝাণ্ডাতেই আস্থা রাখছেন তারা। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যীকে কাছে পেয়ে কার্যত এই ঘোষণাই করে দিলেন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের ধলগুড়ি ও ২নং বড়াইবাড়ি এলাকার কৃষকেরা।

মঙ্গলবার দুপুরে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকাগুলিতে ভোট প্রচারে যান প্রণয় কার্য্যী। যেহেতু এই সময়টা জমি থেকে আলু উত্তোলনের, তাই এই এলাকার কৃষক পরিবারগুলির এই মুহূর্তে ঠিকানা নিজেদের কৃষি জমি। পরিবারের সকলে মিলে জমি থেকে আলু তুলতে ব্যস্ত তারা। আলু ক্ষেতে ঘুরে ঘুরে এদিন কৃষক পরিবারগুলির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় কার্য্যী।

একদিকে উৎপাদিত আলুর দাম না থাকায় সংকট বাড়ছে কৃষকদের। অন্যদিকে জেলার হিমঘরগুলিতে আলু সংরক্ষণ করবার ক্ষেত্রেও চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। কারণ হিমঘর থেকে আলুর বন্ড নেওয়ার ক্ষেত্রে আলুর বস্তা প্রতি ১০থেকে ২০টাকা করে অগ্রিম জমা দিতে হচ্ছে হিমঘর কর্তৃপক্ষকে।এই মুহূর্তে আলুর দর রয়েছে কেজি প্রতি সর্বাধিক সাড়ে ৪টাকা। যে বস্তাগুলিতে আলু ভরা হচ্ছে, আশ্চর্যজনক ভাবে এই বস্তারও কালোবাজারি শুরু হয়েছে ইতিমধ্যেই। ১৮ থেকে ২০টাকা দামে কৃষকরা এই বস্তা কিনছেন বাজার থেকে। এই পরিস্থিতিতে কৃষকদের দিকে ফিরে তাকাচ্ছে না রাজ্য কিংবা কেন্দ্রের সরকার। এর পাশাপাশি ফাল্গুন মাসের বৃষ্টিতে বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকার আলু চাষিরা। আলু ক্ষেতগুলিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন এই জেলার আলু চাষিদের একটি বড় অংশ।   
   এই এলাকার কৃষকেরা বলেন, " এই সংকটময় সময়ে না খোঁজ নিতে এসেছেন এই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক, না খোঁজ নিয়েছেন রাজ্যের শাসক দলের কেউ। তবে কৃষকদের সঙ্গে বরাবর যোগাযোগ রেখে চলেছেন সারা ভারত কৃষক সভা নেতৃত্বরা। তারা বলেন যে কৃষকদের বিশ্বাস হারিয়েছে বিজেপি এবং তৃণমূলের উপর, তাই এবার লাল ঝাণ্ডার প্রার্থীকেই বেছে নেবেন তারা।"
এদিন সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যী বলেন, "এক সীমাহীন বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে এই বিধানসভা এলাকার কৃষকেরা। কোচবিহার জেলায় এই বিধানসভা  কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় প্রতিবছরই ব্যাপক পরিমাণে আলু চাষ করেন কৃষকেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আলুর ফলন হলেও, ন্যায্য মূল্যে আলো বিক্রি করতে পারছেন না আলু চাষিরা। তাই জোট বাঁধতে শুরু করেছেন এই এলাকার কৃষকেরা।"


 

Comments :0

Login to leave a comment