Jalpesh Cold Storage

ফের গ্যাস লিক জল্পেশ হিমঘরে, আতঙ্কিত গ্রামবাসীদের ঘরছাড়া হওয়ার হিড়িক

জেলা

গভীর রাতে ফের গ্যাস লিকের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সংলগ্ন মেলার মাঠ এলাকায়। গত বছরের ভয়াবহ স্মৃতি উসকে দিয়ে শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ ‘বাবা জল্পেশ হিমঘর’ থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে ঝাঁঝালো গন্ধে ভরে যায় চারপাশ। শ্বাসকষ্ট ও চোখের জ্বালায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা মাস্ক পরে ভেতরে ঢোকেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও এই একই হিমঘরে গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। বারবার একই বিপত্তি ঘটায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।
আতঙ্ক এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে, মাঝরাতেই বহু মানুষ প্রাণভয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। বাসিন্দাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও হিমঘর সংস্কার বা সুরক্ষাবিধিতে গাফিলতি রয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের জীবন বারবার ঝুঁকির মুখে পড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। হিমঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment