Hannan Mollah

ভোটাধিকার থেকে কাজের লড়াইয়ে লাল ঝান্ডাই: বাঁকুড়ায় হান্নান মোল্লা

জেলা

রবিবার বাঁকুড়া কেঠারডাঙ্গায় পথসভায় বলছেন হান্নান মোল্লা।

সারা দেশে ৫ কোটির বেশি  নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটাই আরএসএস-এর পরিকল্পনা। এ রাজ্যে ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় এখনও অনিশ্চিত। ভোট দেওয়া আমাদের মৌলিক অধিকার। এটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। এর বিরুদ্ধে এই বিধানসভা নির্বাচনে সমস্ত মানুষকে এককাট্টা হয়ে লড়তে হবে। 
রবিবার বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী অভয়ানন্দ মুখার্জির সমর্থনে বামফ্রন্টের ডাকে এক পথসভায় একথা বলেন সর্বভারতীয় কৃষক নেতা ও প্রবীণ সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা। 
এদিন কেঠারডাঙ্গা মুসলিম পাড়ায় এই সভায় বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। এই এলাকার বেশিরভাগ মানুষই গরিব খেটে খাওয়া সংখ্যালঘু। যাঁরা এখানে বাস করেন তাঁদের একটা বড় অংশই বাঁকুড়া রেলওয়ে গুডসে মুটিয়া শ্রমিকের কাজ করেন। দিনের পর দিন তাঁদের কাজ কমে আসছে। সপ্তাহে একদিন কাজ পাওয়াটাও অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় চূড়ান্ত অনটনের মধ্যে দিন কাটে। পাশাপাশি কিছু মানুষ হকারি ও রাজমিস্ত্রি ও বাড়ি রঙ করার কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। তাঁরা এদিন লালঝান্ডার সভায় হাজির হয়েছিলেন সন্ধ্যার পর। 
এদিন সভায় হান্নান মোল্লা জানান, বিজেপি‘র মূল শিকড় হল আরএসএস। এরা চাইছে দেশ থেকে মুসলিম, দলিত ও পিছিয়ে থাকা মানুষকে তাড়াতে। এরা সরাসরি ঘোষণা করেছে ভোটার তালিকা থেকে যাঁরা বাদ পড়ছেন তাঁদের তাড়িয়ে দেওয়া হবে। কোথায় যাবেন নিজের জন্মভূমি ছেড়ে? কেনই বা যাবেন। এর বিরুদ্ধে বামপন্থীরা প্রথম থেকেই লড়াই করে আসছে। আর বিজেপি ধর্মীয় বিভাজন করছে। 
তিনি বলেন হিন্দু আর হিন্দুত্ব যেমন এক নয়, তেমনি ইসলাম আর জামাত এক নয়। দুটোই রাজনীতি। এর বিরুদ্ধে লালঝান্ডা লড়ছে। 
তিনি বলেন, এরাজ্যে মমতা ব্যানার্জি মিথ্যা ভূষণে মুসলিম সেজে বহু ক্ষেত্রে মানুষকে বোকা বানাচ্ছে। এটা বুঝতে হবে। রাজনীতিতে মন্দির মসজিদ হয় না। মানুষের হাতে কাজ, শিক্ষা, চিকিৎসার সুযোগ করে দিতে হয়। তৃণমূল সরকার সেটা করছে না। মানুষকে ভাঁওতা দিচ্ছে। কয়লা, বালি, গরু, চাকরি, রাস্তাঘাট তৈরি সব ক্ষেত্রেই লুঠ করেছে দলের নেতারা। রাজ্যের একাধিক মন্ত্রী, পদাধিকারি জেলে গেছে। এই অবস্থার পরিবর্তন চাইছেন বাংলার মানুষ। সব জায়গায় সেই আওয়াজই উঠছে। 
এদিন সভায় বক্তব্য রাখেন প্রার্থী অভয়ানন্দ মুখোপাধ্যায়, সুবিকাশ চৌধুরী, ভাস্কর সিনহা, প্রভাত কুসুম রায়।

Comments :0

Login to leave a comment