Cuba Delhi Solidarity

কিউবা জানে বন্ধু রয়েছে সারা বিশ্বে, অবরোধ প্রসঙ্গে দিল্লিতে বললেন রডরিগেজ

জাতীয়

শনিবার দিল্লিতে হরকিষেণ সিং সুরজিৎ ভবনে অভিবাদন জানাচ্ছেন ব্রুনো রডরিগেজ।

হোসে মার্তির ধারণাগুলির প্রতি বিশ্বস্ত থাকব। ফিদেল এবং চে গুয়েভেরার লড়াইয়ের প্রতি বিশ্বস্ত থাকব। আমেরিকার অবরোধ যতই ভয়ঙ্কর হোক, কিউবা জানে সারা বিশ্বে বন্ধু রয়েছে।
শনিবার দিল্লিতে হরকিষেণ সিং সুরজিৎ ভবনে সংহতি কর্মসূচিতে এই বার্তা দিয়েছেন কিউবার বিদেশ মন্ত্রী ব্রুনো রডরিগেজ। তিনি ভারতে আসেন ‘ব্রিকস’ গোষ্ঠীর বিদেশ মন্ত্রী স্তরের বৈঠকে যোগ দিতে। এই বৈঠকে সভাপতিত্ব করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পরে অন্য কর্মসূচিতেও অংশ নেন তিনি।


এদিন এইচকেএস ভবনে সংহতি অনুষ্ঠানে রডরিগেজ বলেন, কিউবা একা নয়। এই বিশ্বে সাম্রাজ্যবাদের আক্রমণের লক্ষ্য একাধিক দেশ। তিনি বলেন, 
ভারতের মানুষের সঙ্গে আমাদের সংহতির দীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতীয় জনতার তোলা সংহতির  প্রতিটি স্বর হাভানায় পৌঁছায়। 
কিউবার ওপর সর্বাত্মক অবরোধ চাপিয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরাসরি শাসন বদলানোর লক্ষ্য জানিয়েছে আমেরিকা। সমাজতান্ত্রিক কিউবাকে বিপদে ফেলতে বারবারই সেই প্রয়াস আমেরিকা চালিয়েছে।
শনিবার হাভানা থেকে পরিবহণ মন্ত্রক জানিয়েছে যে জ্বালানি সঙ্কট মোকাবিলায় বিশেষ পরিকল্পনা করা হয়েছে। জ্বালানি, খাদ্য, ওষুধ এবং অতি প্রয়োজনীয় সরঞ্জামের পরিবহণ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। হাভানা থেকে প্রাদেশিক রাজধানী শহরে যাতায়াতের বাস এখন কমিয়ে সপ্তাহে তিনদিন চালানো হবে। পুবদিকের দুই শহরে সপ্তাহে মাত্র একদিন চালু থাকবে বাস চলাচল। ট্রেন পরিষেবা আপাতত বজায় থাকবে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত। 
কিউবার পরিবহণ মন্ত্রক জানিয়েছে যে প্রাদেশিক শাসন কর্তৃপক্ষ অগ্রাধিকার বিবেচনা করবে। কারণ জ্বালানির সঙ্কট তীব্র।  
এই পরিস্থিতিতেও দিল্লিতে এদিন রডরিগেজ বলেন, আমরা ফিদেল কাস্ত্রোর উত্তরাধিকার বয়ে চলেছি। 
আন্তর্জাতিক স্তরে কিউবার সংহতিতে বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। এই আন্দোলন আরও জোরালো করার আবেদন জানাচ্ছি। তিনি বলেন, কিউবা মাথা নোয়াবে না। আমরা জানি সারা বিশ্বে আমাদের বন্ধু রয়েছে। 
দিল্লিতে ‘ব্রিকস‘ বৈঠকে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ জানান যে কিউবাকে সহায়তা দেওয়া হবে। আমেরিকার অবরোধকে অগ্রাহ্য করেই দেওয়া হবে সহায়তা। 
ব্রিকস-র বৈঠকেই রডরিগেজ বলেছিলেন যে অবরোধের ফলে মানবিক বিপর্যয়ের মুখে কিউবা। জ্বালানির অবরোধের ফলে বিদ্যুৎ উৎপাদন থেকে নৈমিত্তিক পরিষেবা- সবই ব্যাহত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, ফলে জল সরবরাহ নিয়মিত করা যাচ্ছে না। ১২ হাজার শিশুর এখনই অস্ত্রপচার দরকার। তা করা যাচ্ছে না। কিউবার ওপর সামরিক আগ্রাসন চাপানোর বিরুদ্ধে ‘ব্রিকস’-র দেশগুলিকে ভূমিকা নেওয়ার আবেদনও জানান তিনি।
ভারত ব্রিকস-র সভাপতিত্ব করছে এ বছর। কিন্তু এই বহুদেশীয় গোষ্ঠীর সঙ্গে জড়িত দুই দেশ ইরান বা কিউবার ওপর আমেরিকার দখলদারিতে নিশ্চুপ। সিপিআই(এম) মোদী সরকারের কাছে আমেরিকার ভূমিকার নিন্দা করার দাবি জানিয়েছে।

Comments :0

Login to leave a comment