Coronation Bridge

ঐতিহ্যবাহী করোনেশন সেতুতে বসল হাইট বার

জেলা

ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী করোনেশন সেতুতে বসলো হাইট বার। শিলিগুড়ি-ডুয়ার্স তথা উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ স্থাপন ও জাতীয় নিরাপত্তাজনিত কারণে এই সেতুর গুরুত্ব অপরিসীম। সেদিকে লক্ষ্য রেখে করোনেশন সেতু বা বাঘপুলের আয়ু বাড়াতে পদক্ষেপ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল রুখতে রবিবার সেবকে তিস্তা নদীর উপরে অবস্থিত সেতুর দুই প্রান্তে বসানো হয় লোহার হাইট বার। 
রবিবার সকাল থেকেই শুরু হয় হাইট বার বসানোর কাজ। এর আগে এক দিকে হাইট বার বসানো হলে একটি লরির ধাক্কায় তা ভেঙে যায়। রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার কারণে এতদিন হাইট বার লাগানোর কাজ থমকে ছিল। নির্বাচন প্রক্রিয়া মিটতেই রবিবার হাইট বার লাগানো হলো সেতুর দুই প্রান্তে। রাস্তা থেকে হাইট বারের উচ্চতা রাখা হয়েছে ৩.৬মিটার। হাইট বার বসানোয় ১০ টনের বেশি ওজনের লরি বা অতিরিক্ত উচ্চতার যানবাহন এই দুর্বল সেতু দিয়ে যাতায়াত করতে পারবে না বলেই আশা জাতীয় সড়ক কর্তৃপক্ষের। 
প্রসঙ্গত উল্লেখ্য ইংরেজ শাসনকালে ১৯৩৭ সালে করোনেশন সেতু তৈরীর কাজ শুরু হয়। ১৯৪১ সালে করোনেশন সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ২০১১ সালে সেতুর দুর্বলতা প্রথম ধরা পড়ে। পূর্ত দপ্তরের তরফে ১০ টনের বেশি ওজনের গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে সেই নির্দেশিকা উপেক্ষা করেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছিল বলেই অভিযোগ। 
সেবকে তিস্তা নদীর ওপরে বিকল্প সেতু নির্মাণের দাবি জানিয়ে আন্দোলন করে আসছে  ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। সংগঠনের সম্পাদক চন্দন রায় বলেন, "করোনেশন সেতুকে রক্ষা করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পদক্ষেপকে স্বাগত জানাই। পাশাপাশি দ্রুত দ্বিতীয় সেতুর কাজও শুরু করতে হবে। সংরক্ষণ করতে হবে ঐতিহ্যবাহী এই সেতুকে"।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালের সহকারি ইঞ্জিনিয়ার কিংশুক শ্যামল জানিয়েছেন, "করোনেশন সেতুর দুই প্রান্তে হাইট বার বসানোতে বেশি ওজনের লরি ও অতিরিক্ত উচ্চতার যানবাহনের যাতায়াত কমবে। তাতে করোনেশন সেতুর আয়ু বৃদ্ধি হবে" । অন্যদিকে সেবকে বিকল্প সেতু তৈরির টেন্ডার প্রক্রিয়ার কাজ বাতিল হওয়ায় হতাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও। বিকল্প এই সেতু তৈরি হলে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের সময় প্রায় ৩০ মিনিট কমে যাবে বলেই মত স্থানীয়দের। তাতে সমগ্র ডুয়ার্স অঞ্চল অর্থনৈতিকভাবে লাভবান হবে।

Comments :0

Login to leave a comment