উচ্ছেদ এবং বাড়ি ভাড়ায় চড়া বৃদ্ধি ঠেকাতে আনা হয়েছিল বিল। স্পেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ সরকারের সেই বিল ভোটাভুটিতে হেরে গিয়েছে। তার পর থেকে ফের মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, বার্সেলোনার রাস্তায় নেমেছেন হাজারে হাজারে প্রতিবাদী নাগরিক।
প্রায় এক সপ্তাহ ধরে স্পেনে উচ্ছেদের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। মূলে সেই আবাসন সঙ্কট। বহুজাতিক একাধিক সংস্থার হাতে একের পর এক আবাসন। সম্পূর্ণ মুনাফার হিসেব কষে তারাই ঠিক করছে ভাড়া, করছে উচ্ছেদও।
মাদ্রিদের সাতাশি বছরের বৃদ্ধা মারিয়া দেল কারমেন আবাসকালকে তাঁর ত্রিশ বছরের পুনরো বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় জ্বলে ওঠে বিক্ষোভের আগুন।
বামমুখী স্যানচেজ সরকার আদতে জাতীয় জনপ্রতিনিধি সভায় সংখ্যালঘু। দুই বিল পেশ করতে গিয়ে তিনি বলেছিলেন, আবাসন সঙ্কট মেটানোর জন্য কিছু করা প্রয়োজন এখনই। সময়টা রাজনীতির নয়। নাগরিকদের চরম অনিশ্চয়তার।
তবে সেই আবেদনে কাজ হয়নি। গত শুক্রবার ভোটাভুটির দিনও পার্লামেন্টের সামনে ছিলেন প্রতিবাদীরা। বিরোধীদের ধিক্কার জানিয়ে তাঁরা স্লোগান তুলেছেন, ‘তোমাদের মুনাফা, আমাদের সঙ্কট’।
পরিস্থিতির জেরে সময়ের আগেই নির্বাচনে যাওয়ার কথাও ভাবছেন স্যানচেজ। তাঁর সরকারের মেয়াদ শেষ হচ্ছে সামনের গ্রীষ্মে। তবে তিনি নভেম্বরে ভোটের প্রস্তুতি নিতে পারেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর। স্যানচেজের আনা বিলে বলা হয়েছিল ২০৩০ পর্যন্ত আবাসিকদের ভাড়ার মেয়াদ থাকবে। কাউকে ুচ্ছেদ করা যাবে না। আবাসন ব্যবসায়ীরা ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারবে না। আবাসন ব্যবসাকে কর ছাড়ের সুবিধাও ঘোষণা করা হয়েছিল। প্রস্তাবিত দু’টি ডিক্রির একটিতে বলা হয়েছিল, আবাসন সংস্থা আগে উচ্ছেদ করলে আবাসিককে দিতে হবে ১২ মাসের ভাড়া।
সরকারের সমাজকল্যাণ মন্ত্রী পাবলো বাস্তিনদু পার্লামেন্টে বলেন, কয়েকটি বহুজাতিক আবাসন চক্র জনতার শ্রম থেকে আয়ের টাকা কেড়ে নিচ্ছে ভাড়ার নামে। তারা এমনকি স্পেনে করও দেয় না।
ভাড়ায় থাকা নাগরিকদের মঞ্চ সিন্ডিকেটো দা ইনকুইলিনাস জানিয়েছে বিক্ষোভ হবে প্রতিটি শহরে, প্রতিটি মহল্লায়। তার সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Spain Housing Protest
স্পেনের পার্লামেন্টে হারল উচ্ছেদ-ভাড়া বৃদ্ধি ঠেকানোর বিল, ফের বিক্ষোভ
×
Comments :0