Saketh Srinivasaiah

মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া ২২ বছর বয়সী এক স্নাতকোত্তর ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার মৃত অবস্থায় ওই ছাত্রের খোঁজ মেলে বলে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে।
কর্নাটকের বাসিন্দা ওই ছাত্রের নাম সাকেত শ্রীনিবাসাইয়া। বার্কলে শহরের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া গত সোমবার থেকেই নিখোঁজ ছিলেন। 
শনিবার ‘এক্স’-এ পোস্ট করে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসের তরফে তাঁর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাকেত আইআইটি মাদ্রাজের স্নাতক।
দূতাবাসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে, স্থানীয় পুলিশ নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।’’
মৃত ছাত্রের প্রিয়জনদের সমবেদনা জানানোর দূতাবাসের তরফে আরও বলা হয়েছে , "স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারতে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা সহ পরিবারকে সবরকম প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দূতাবাস প্রস্তুত।"
দ্য বার্কলে স্ক্যানার নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, পার্ক হিলস এলাকার একটি দরজায় তার ব্যাকপ্যাক, পাসপোর্ট এবং ল্যাপটপ পাওয়া গেছে।

Comments :0

Login to leave a comment