Iran rejects claim

‘তেলের দ্বীপ‘ ওড়ানোর দাবি খারিজ ইরানের, বাগদাদে মার্কিন দূতাবাসে আঘাত

আন্তর্জাতিক

প্রতিবেশী কোনও দেশ আক্রমণের লক্ষ্য নয়। কিন্তু এই দেশগুলিতে আমেরিকার পরিকাঠামোর ওপর আক্রমণ হবে। ভাঙা হবে সেনা ঘাঁটি।
শনিবার এই মর্মে ফের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিনই ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাস চত্বরে ড্রোন হামলা হয়েছে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংযুক্ত আরব আমিরশাহীকে জানিয়েছে যে আমেরিকার গোপন ঘাঁটিতে হামলা হবে। 
মার্কিন দূতাবাস চত্বরে সি-আরএএম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউনিটের পরিকাঠামোয় শনিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এর দায় স্বীকার করেননি। 
ইরাকে আমেরিকা বিরোধী একাধিক প্রতিরোধী গোষ্ঠী আমেরিকার পরিকাঠামোর ওপর হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় নেতা আলি খামেনেইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে এই গোষ্ঠীগুলি। 
উত্তর ইরাকে মার্কিন পরিকাঠামোকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলেছে। পাশাপাশি মার্কিন এবং ইজরায়েলের সামরিক বাহিনী ইরাকে বিভিন্ন প্রতিরোধী গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজরায়েল। একটি স্বাস্থ্যকেন্দ্রে ইজরায়েলের হামলায় ১২ কর্মী নিহত হয়েছেন।
ইরানের প্রতিরোধ দেখছে বিশ্ব। ফলে পালটা প্রচার জোরদার করেছেন ট্রাম্প। এদিনই তিনি দাবি করেছেন যে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত খার্গ দ্বীপে সামরিক ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। 
পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখে তাহলে পরবর্তীতে সেখানকার তেল পরিকাঠামোগুলিতে আক্রমণ করা হতে পারে। 
তবে মার্কিন প্রেসিডেন্টের সেই দাবিকে এদিন নস্যাৎ করে দেয় ইরান। ইরানের সামরিক স্তর থেকে জানানো হয়েছে যে খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানির কাজ নির্বিঘ্নেই চলছে এবং তেল কোম্পানিগুলিও কোনও বাধা ছাড়াই তাদের কাজ অব্যাহত রেখেছে। এই খার্গ দ্বীপ থেকেই ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি করা হয়।
আমেরিকা-ইজরায়েলের হামলায় ১৪ দিনে ১৪৫০ মানুষ নিহত। লেবাননে ৭৭৩ জন নিহত। তার মধ্যে ১০৩ শিশুও রয়েছে।

Comments :0

Login to leave a comment