মাসের পর মাস বেতন প্রদানে বিলম্ব ও ঠিকাদারি সংস্থার গাফিলতির প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর অস্থায়ী ঠিকা শ্রমিকরা। শুক্রবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন সিকিউরিটি কর্মী-সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা। শ্রমিকদের সকলেই তৃণমূল পরিচালিত ঠিকা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন ঠিকাদারি সংস্থা দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিতভাবে বেতন দিতে দেরি করছে। নির্ধারিত সময়ে বেতন না পেয়ে বহুবার উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। তাঁদের বক্তব্য, “অস্থায়ী কাজ করি, ঠিকাদারের অধীনে কাজ করি, তার ওপর সময়মতো মাইনা পাই না। সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।”
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জলপাইগুড়ির প্রভিডেন্স ফান্ড দপ্তরের সামনে শিল্প ধর্মঘট সফল করার ডাক কে কেন্দ্র করে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির কর্মসূচি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব পুলিশকে সাথে নিয়ে পিএফ অফিস খুলে দেয় বলে অভিযোগ। সেখানেই তাঁরা প্রকাশ্যে বলেন, সরকার শ্রমিকদের পাশে নয়, বরং মালিকপক্ষের অবস্থানকেই কার্যত সমর্থন করছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা চরমে ওঠে জেলায়।
ঠিকা শ্রমিকদের অভিযোগ, তারা তৃণমূল পরিচালিত ঠিকা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকলেও তাদের ইউনিয়নের মাধ্যমে বারবার মুখ্যমন্ত্রী কে বিষয়টি জানানো হলেও কোনও সমাধান মেলেনি ।
জানা গেছে স্মাইল নামক এক ঠিকাদারি সংস্থা, একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকা শ্রমিকদের কাজ করাচ্ছে।
হাসপাতালের বিক্ষোভে ও সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায়। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া, সামাজিক সুরক্ষা ও পিএফ সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। “কাজের নিশ্চয়তা নেই, মজুরির নিশ্চয়তা নেই—এভাবে আর চলতে পারে না,” বলেন এক বিক্ষোভকারী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার সঙ্গে আলোচনা করা হবে। তবে শ্রমিকদের হুঁশিয়ারি, লিখিত নিশ্চয়তা ও বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র এই হাসপাতাল। ফলে কর্মবিরতি দীর্ঘায়িত হলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। জেলার শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
Jalpaiguri's workers go on strike
বেতন প্রদানে বিলম্ব, প্রতিবাদে কর্মবিরতি জলপাইগুড়ির ঠিক শ্রমিকদের
ছবি- বেতন বকেয়া, অস্থায়ী ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি,জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
×
Comments :0