আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চাকদহ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নারায়ণ দাশগুপ্ত'র সমর্থনে চাকদহ এলআইসি অফিসের রবিবার এক সভা হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কণীনিকা ঘোষ। এছাড়াও সভায় বক্তব্য সিপিআই(এম) নদিয়া জেলা কমিটির সদস্য বিশ্বনাথ গুপ্ত, চাকদহ পৌরসভার প্রাক্তন পৌরপিতা তাপস বসু এবং প্রার্থী নারায়ণ দাশগুপ্ত।
এই উদ্দীপ্ত জনতা সমৃদ্ধ নির্বাচনী সমাবেশে কণীনিকা ঘোষ বলেন , "ভাতার সঙ্গে কর্মসংস্থানের কোন বিরোধ নেই। বামফ্রন্ট ক্ষমতায় এলে ভাতাও যেমন চালু থাকবে তেমনই সাধারণ মানুষকে স্বনির্ভর করার ব্যবস্থাও করা হবে। এই তৃণমূলের বিকল্প কখনোই বিজেপি হতে পারে না।আরএসএস না থাকলে বিজেপি ও তৃণমূল এই দুটো দলের জন্মই হত না। অভয়া কান্ডে আমরা দেখলাম মমতার দলদাস পুলিশের বক্তব্যের সঙ্গে কেন্দ্রের তোতাপাখি সিবিআই একমত হয়ে গেল। যে বিজেপি হাথরস, উন্নাও'র নারী নির্যাতনকারীদের বরণমালা দিয়ে বরণ করে সেই বিজেপি কখনোই অভয়ার বিচার এনে দিতে পারবে না, সেটা আমরা বামপন্থীরাই আনব এবং তা যেকোন মূল্যে। তাই এই অঞ্চলের নাগরিকদের কাছে আবেদন আপনারা বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী নারায়ণ দাশগুপ্ত-কে বিপুল ভোটে জয়ী করুন, আগামী প্রজন্মের ভবিষ্যতকে সুরক্ষিত রাখুন"।
আজকের এই সভায় উপস্থিত হওয়ার কথা ছিল বিশিষ্ট নাট্যকার চন্দন সেন-এর। আচমকা অসুস্থ হয়ে পড়ায় উনি না আসতে পারলেও একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, "তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে কেবল বঞ্চনায় ভরিয়ে দিয়েছে, একটা কাজও করেনি যাতে মানুষ স্বনির্ভর হতে পারে। আরও বলেন, এসআইআর-এর মাধ্যমে বহু বৈধ নাগরিককেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সভার সভাপতিত্ব করেন সিপিআই(এম) চাকদহ এরিয়া কমিটির সম্পাদক তথা নদিয়া জেলা কমিটির সদস্য রাজীব দাস ।
Comments :0