অরিজিৎ মন্ডল
আলোচনায় নেই বাজেট বরাদ্দ খরচ না হওয়ার কোনও কথা। মেয়র পরিষদের সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই বাজেট বরাদ্দ কত বেড়েছে সেই আলোচনাতেই ব্যস্ত। নেই শূন্য পদে নিয়োগের কোনও কথাও। তবে সিপিআই(এম) কাউন্সিলর নন্দিতা রায় বাজেট বরাদ্দ খরচ না করার বিষয়ে তুলেছেন প্রশ্ন।
কলকাতা কর্পোরেশনের বাজেটের উপর আলোচনা চলছে। সোমবার বেলা ১২টা থেকে শুরু হয়েছে আলোচনা। এদিন প্রথমেই আলোচনা করেন ডেপুটি মেয়র তৃণমূলের অতীন ঘোষ। তাঁর আলোচনাতে উঠে এসেছে কলকাতা পৌরসভা স্বাস্থ্য বিভাগে দিল্লি থেকে এগিয়ে রয়েছে। কিন্তু আলোচনায় নেই স্বাস্থ্য বিভাগ গত অর্থবর্ষে বরাদ্দ হওয়া টাকার এক-তৃতীয়াংশ খরচ করতে না পারার কোনও কথা।
এদিন বাজেটের উপর আলোচনা করেন সিপিআই(এম) কাউন্সিলর নন্দিতা রায়। তিনি একাধিক বিষয়ে আলোচনা করেন। তৃণমূল পরিচালিত বোর্ড কেন একাধিক খাতে বরাদ্দ খরচ করছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেছেন, কলকাতা কর্পোরেশনেই একটি বড় স্তম্ভ একশো দিনের কর্মীরা। তাঁদের কোনও পিএফ, গ্রাচুইটি কিছু নেই। নেই কোনও সরকারি ছুটিও। তাদের জন্য কী বোর্ড কিছু ভাবছে? এছাড়াও জিআর (সামাজিক সুরক্ষা প্রকল্প যা কলকাতা কর্পোরেশন নিম্ন আয়ের নাগরিকদের প্রদান করে বছরে ১৪৪০ টাকা) দেওয়া হচ্ছে না।"
নন্দিতা রায় প্রশ্ন তোলেন যে প্রশাসনিক কাজে সহায়তা বা ‘অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সাপোর্ট’ বলে একটি নতুন খাতে বিপুল বরাদ্দ নিয়েও। এই খাতে আগে বরাদ্দ ছিল না। এই খাতে খরচ কোন কোন কাজে তা নিয়েও অস্পষ্টতা রয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছে ৫৫৮ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা। কিন্তু এই খাত ঠিক কেন, এত টাকা বরাদ্দ কেন, এই প্রশ্ন তোলেন তিনি।
তবে বাকবিতণ্ডা থেকে কটূক্তি সবটাই হলো বাজেটের আলোচনায়। শ্মশানে পাঠানোর কথা বলে কটূক্তি করা হয় এক বিরোধী কাউন্সিলরকে। নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিং বাজেট আলোচনা করার সময় সিরিটি শ্মশানের উন্নয়ন প্রকল্পে কথা বলেন। সেই বক্তব্যের বিরোধিতা করেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। তখন তৃণমূল কাউন্সিলর এক কাউন্সিলর কটূক্তি করেন এই প্রবীণ কাউন্সিলরের উদ্দেশ্যে। প্রতিক্রিয়ায় সভাকক্ষেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী কাউন্সলিররা।
কলকাতা কর্পোরেশনের বাম পরিষদীয় দলনেতা মধুছন্দা দেব বলেন, "ক্ষমা চাওয়া উচিৎ ছিল। চেয়ারপার্সনের উচিৎ ছিল সাময়িকভাবে কক্ষ থেকে বের করে দেওয়া। সমালোচনা করা এবং কটূক্তি করার মধ্যে পার্থক্য রয়েছে।"
Comments :0