MA Baby's Letter to PM

শ্রম কোড বাতিল করুন, নয়ডায় বিক্ষোভ নিয়ে মোদীকে চিঠি বেবির

জাতীয়

মজুরি বাবদ যে টাকা দেওয়া হয় তাতে বাড়িভাড়া দিয়ে জীবনযাপন করাই দুষ্কর। জ্বালানির দাম লাফিয়ে বেড়ে যাওয়ায় সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। শ্রম সম্পর্কের সমস্যা হিসেবে না দেখে হরিয়ানা এবং উত্তর প্রদেশ সরকার বিষয়টিকে আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখছে। ন্যূনতম মজুরি মাসে ২৬ হাজার টাকা হওয়া জরুরি।  
দিল্লি সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে শ্রমিক অসন্তোষ দমনে তীব্র নিপীড়নের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একথা জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। 
গত ৯ এপ্রিল থেকে উত্তর প্রদেশের নয়ডায় তীব্র শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে হরিয়ানা, রাজস্থানের শিল্পাঞ্চলে। দিল্লি লাগোয়া এমন শিল্পাঞ্চলে বিপুল অংশের শ্রমিককে স্থায়ী কাজ করানো হলেও অস্থায়ী শ্রমিক হিসেবে রাখা হচ্ছে বছরের পর বছর। 
বেবি এই চিঠিতে নরেন্দ্র মোদীকে বলেছেন, দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে এই সঙ্কটের কারণ নতুন শ্রম কোড। শ্রম অধিকার যেটুকু বেঁচে ছিল তাকেও শেষ করেছে শ্রম কোড। সে কারণে শ্রম কোড চালুর বিজ্ঞপ্তি বাতিল করে শ্রমজীবীর অধিকার সুরক্ষিত করা দরকার।
নয়ডায় শ্রমিক আন্দোলনকে দমনের জন্য উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার চারোশর বেশি শ্রমিককে গ্রেপ্তার করে। আটক শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের খোঁজ পর্যন্ত মিলছিল না। নয়ডার সিআইটিইউ নেতাদেরও গ্রেপ্তার করা হয়। 
গত শুক্রবার গৌতম বুদ্ধনগরের জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান বেবি। সঙ্গে ছিলেন সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসনও। তাঁদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায়তেই অবস্থান ধরনায় বসেন বেবি। শেষ পর্যন্ত জেলা শাসকের দপ্তরে বৈঠক হয়। ধৃত শ্রমিক নেতাদের মুক্তির আশ্বাস দেওয়া হয়। কয়েকজনকে মুক্তি দেওয়া হয় রাতে।

Comments :0

Login to leave a comment