বিদেশ সফরে ব্যাপক দারিদ্র ফিরে আসার শঙ্কা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। অথচ সেই নরেন্দ্র মোদীই দেশে দারিদ্র মোকাবিলায় কার্যকর সিদ্ধান্ত নিতে অস্বীকার করেছেন।
জ্বালানির দাম বৃদ্ধির পরপর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।
প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলাপচারিতার ছবি বুধবার পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। মেলোনিকে ‘মেলডি’ টফি দেওয়ার ছবি নিয়ে চর্চাও চলছে। তার আগে, গত ১৭ মে, নেদারল্যান্ডসের হেগ শহরে ভাষণে দারিদ্র নিয়ে শঙ্কা জানিয়েছিলেন মোদী।
বেবি মনে করিয়েছেন যে মাত্র চারদিনের মধ্যে পেট্রল ও ডিজেলের দামি লিটারে চার টাকা বাড়ানো হয়েছে। লাফিয়ে বেড়েছে গার্হস্থ্য এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।
বেবি বুধবার সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘মোদীর নীতির এক এবং একমাত্র উদ্দেশ্য হলো আদানি, আম্বানির মতো কর্পোরেট গোষ্ঠীর মালিকদের খুশি করা। সেই সঙ্গে খুশি করে চলেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। যার অবধারিত ফল হিসেবে দেশের কৃষক, শ্রমিক এবং ছোট ব্যবসায়ীদের ঘাড়ে চাপছে বোঝা।’’
হেগের ভাষণে মোদী চলতি দশককে ‘ডেকেড অব ডিসাস্টার‘ বা বিপর্যয়ের দশক আখ্যা দিয়েছিলেন। করোনা মহামারী থেকে পশ্চিম এশিয়ার সঙ্কটের উল্লেখ করেন তিনি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সঙ্কট এখনই না থামলে আরও বড় বিপদের আশঙ্কা জানান তিনি।
ঘটনা হলো, আমেরিকার একতরফা যুদ্ধধ চাপানোর পদক্ষেপে কেবল উদ্বেগ জানানোর বাইরে আর কিছু করেনি মোদী সরকার। ন্যূনতম নিন্দা শোনা যায়নি তাঁর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে।
এদিকে বেবি বলেছেন, ‘‘গ্যাসের সিলিন্ডারের চরম সঙ্কট চলছে। অনেককে ভরসা করতে হচ্ছে কালোবাজারের ওপর। জ্বালানির দাম পরপর দু’বার বেড়েছে, আগামী কয়েকদিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্যে তার প্রভাব পড়ছে।’’
সেই সঙ্গে বেবি টাকার দাম সমানে পড়ে যাওয়ার জন্যও মোদীর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘‘টাকার দাম সর্বসময়ের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। দেশে কাজের সুযোগ কম, আয়ের সুযোগ কম। আপনি যা কিনতে চাইছেন তার খরচ বেশি অথচ আপনার কাছে সেই টাকা নেই।‘‘
বেবি বলেছেন, ‘‘এবার বৃষ্টিপাত গড়ের তুলনায় কম হওয়ারর আশঙ্কা রয়েছে। চলছে সারের অভাব। সরকার অভাব দূর করার ব্যবস্থা না করে কৃষকদের বলছে সারের ব্যবহার কমাতে। পরিস্থিতি সহ্যের শেষ সীমায় পৌঁছেছে।’’
Baby on Modi
বিদেশে শঙ্কা জানালেও দেশে দারিদ্র মোদীর জন্যই, ‘মেলডি’ পোস্টের পর বেবি
×
Comments :0