বারবার সর্বভারতীয় পরীক্ষা নিয়ে সমস্যা হচ্ছে। কেন্দ্রের তৈরি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে জমা পড়ল আবেদন।
দ্যা ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছে। আবেদনে বলা হয়েছে যে হয় এনটিএ বাতিল করা হোক। নয়তো আপাদমস্তক পুনর্গঠন করা হোক এই সংস্থার।
আবেদনে বলা হয়েছে, ‘নিট-২০২৬‘ ফের নেওয়া হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে।
গত মঙ্গলবার মেডিক্যাল প্রবেশিকা নিট বাতিলের সিদ্ধান্ত জানায় এনটিএ। এবারের পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বেরিয়ে যাওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনেকাংশে মিলে যাচ্ছে মূল প্রশ্নপত্র।
সোমবার দিল্লিতে একাধিক ছাত্র সংগঠন বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। দাবি উঠেছে এই এনটিএ-কে বাতিল করতে হবে। চরম কেন্দ্রীকরণের মনোভাব নিয়ে এই সংস্থা তৈরি করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
সিপিআই(এম) পলিট ব্যুরোও এনটিএ বাতিল করার দাবি জানিয়েছে। সিপিআই(এম) বলেছে, ছাত্রছাত্রীদের যন্ত্রণা সম্পর্কে নির্বিকার একটি অংশ এবং দুষ্কৃতীদের যোগসাজশে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে।
এনটিএ দায়িত্ব নেওয়ার পর একাধিকবার ফাঁস হয়েছে মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’-র প্রশ্নপত্র। অন্যান্য সর্বভারতীয় পরীক্ষা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। অদক্ষ এই সংস্থা পরীক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতাকে নষ্ট করেছে, বলছে শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন অংশ।
এদিন এফএআইএমএ’র আবেদনে বলা হয়েছে, ‘নিট’ পরীক্ষার জন্য দরকার সক্ষম এবং প্রযুক্তিগত বিচারে এগিয়ে থাকা এবং স্বশাসিত সংস্থার।
গত ৩ মে নিট পরীক্ষার পর সম্ভাব্য পেপারের নামে একাধিক প্রশ্ন ছড়িয়ে পড়ে হোয়াটস অ্যাপ, টেলিগ্রামে। প্রশ্ন ফাঁসের তদন্ত করছে সিবিআই।
বুধবার এফএআইএমএ‘র আবেদনে বলা হয়েছে, নতুন করে পরীক্ষা হওয়া উচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের যুক্ত করা হোক পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ায়।
NTA Supreme Court
নিট: পরীক্ষা সংস্থা এনটিএ বাতিলের আবেদন সুপ্রিম কোর্টে
×
Comments :0