ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝিকে। কিন্তু গোটা মেডিক্যাল কাউন্সিল অবৈধ এমনই অভিযোগ তুলছে সরকারি চিকিৎসকদের সংগঠন এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তাদের দাবি, নিয়ম অনুযায়ী নতুন কাউন্সিল তৈরি করা হোক।
সোমবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই নির্মল মাঝিকে সরানোর সিদ্ধান্তের কথা বলা হয়েছে। যদিও ডাঃ নির্মল ঘোষ, ডাঃ সৌরভ পাল ও ডাঃ অসীম সরকার এই তিনজনই সরকারের মনোনীত সদস্য ছিলেন। সরকার বদল হওয়ার ফলে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে।
২০২২ সালে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অভিযোগ উঠেছিল জাল ভোটের মাধ্যমে শাসক দলের ঘনিষ্ঠ চিকিৎসকরা নির্বাচনে জিতেছিল। এএইচএসডি'র সম্পাদক ডাক্তার উৎপল ব্যানার্জি বলেছেন যে পুরো মেডিকেল কাউন্সিলটাই অবৈধ। একাধিক সদস্যের বিরুদ্ধে আর্থিক তছরুপ, স্বজন পোষণের ঘটনায় যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এছাড়াও এই মেডিক্যাল কাউন্সিলের বহু সদস্য অভয়া কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে বলে তার অভিযোগ।
আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ডাঃ নির্মল মাজি। ২০১৫ সালে কুকুরের ডায়ালাইসিস করার অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছিল।
Comments :0