এপস্টিন বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর অপসারণ চাইল সিপিআই(এম)। শুক্রবার পার্টির পলিট ব্যুরো এক বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে অপসারণের দাবি জানিয়েছে। ‘এপস্টিন ফাইলস’ সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে এই দাবি তোলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত ‘এপস্টিন ফাইলস’-এর বিষয়বস্তু প্রতিদিনই সামনে আসছে এবং তা “অত্যন্ত ঘৃণ্য ও উদ্বেগজনক।” পলিট ব্যুরোর দাবি, মার্কিন বিচার বিভাগ ও তৎকালীন ট্রাম্প প্রশাসনের তরফে তথ্য গোপনের চেষ্টা সত্ত্বেও বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে। তাদের অভিযোগ, এই নেটওয়ার্কে রাজনৈতিক নেতৃত্ব, আর্থিক প্রভাবশালী গোষ্ঠী, প্রযুক্তি সংস্থার কর্ণধার এবং সেলিব্রিটিরা যুক্ত ছিলেন এবং জেফ্রি এপস্টিন ছিলেন সেই নেটওয়ার্কের প্রধান সংগঠক।
সিপিআই(এম)’র দাবি,একাধিক দেশে এ সংক্রান্ত আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা শুরু হয়েছে। ব্রিটেনে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ব্যক্তিরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পলিট ব্যুরোর অভিযোগ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং শিল্পপতি অনিল আম্বানির সংশ্লিষ্টতার “স্পষ্ট প্রমাণ” থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার জবাবদিহি নিশ্চিত করতে কোনও উদ্যোগ নেয়নি। সংসদে ‘এপস্টিন ফাইলস’ নিয়ে আলোচনা অনুমোদন করা হয়নি। এমনকি, উপলব্ধ তথ্যের মুখে মন্ত্রী তাঁর সাংবাদিক সম্মেলনে “ভ্রান্ত তথ্য দিয়েছেন” বলেও অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হরদীর পুরীকে সরিয়ে দেওয়ার বদলে তাঁকে আড়াল করার চেষ্টাও চলছে।
এই পরিস্থিতিতে দেশের “সম্মান ও মর্যাদার প্রশ্নে” প্রধানমন্ত্রীকে অবিলম্বে হরদীপ সিং পুরীকে মন্ত্রীসভা থেকে অপসারণ করার দাবি জানিয়েছে সিপিআই(এম)’র পলিট ব্যুরো।
CPIM
এপস্টিন’ বিতর্কে হরদীপ পুরীর অপসারণ দাবি পলিট ব্যুরোর
×
Comments :0