Dhupguri

উপস্থিত বুদ্ধিতে অপহরণ রুখল ছাত্রী, ধূপগুড়িতে চাঞ্চল্য

জেলা

ভরদুপুরে স্কুল যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের চেষ্টা! তবে নিজের উপস্থিত বুদ্ধির জোরে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে প্রাণ বাঁচাল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েতের জুড়াপানি এলাকায়। এই ঘটনায় ইতিমদ্যেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।
স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, জুড়াপানি হাইস্কুলের ওই ছাত্রী এদিন বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পরিবারের দাবি, পথে এক অপরিচিত মহিলা তাকে সাইকেলে উঠতে বলে। ছাত্রীটি সাইকেলে উঠলে ওই মহিলা তাকে জল খেতে দেয়। অভিযোগ, ওই জলে কোনো নেশাজাতীয় দ্রব্য মেশানো ছিল, যা পান করার পরেই জ্ঞান হারায় কিশোরী।
ছাত্রীর বয়ান অনুযায়ী, বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি অচেনা বন্ধ ঘরে বন্দি অবস্থায় দেখতে পায়। আতঙ্কিত না হয়ে সে ঘর থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। জানলা খোলা পেয়ে সে কৌশলে সেখান দিয়ে পালিয়ে আসে এবং দ্রুত পায়ে হেঁটে জাতীয় সড়কে পৌঁছায়। সেখান থেকে কোনোক্রমে স্কুলে পৌঁছে শিক্ষকদের কাছে কান্নায় ভেঙে পড়ে সে।
স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। পরে ছাত্রীকে নিয়ে ধূপগুড়ি থানায় যাওয়া হয়। তবে কোন বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল বা ওই মহিলা কে ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ছাত্রীর বয়ানের ভিত্তিতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই অপহরণের চেষ্টার খবর চাউর হতেই জুড়াপানি এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।

Comments :0

Login to leave a comment