দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছিলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। সরকার পরিবর্তনের পাঁচ মাসেও নিয়োগ হল না। বরং অজানা কারণে চালমান নিয়োগ প্রক্রিয়া হঠাৎ থমকে গিয়েছে। তাই আবারও ধরনায় ২০২২ টেট পাশ ডিএলএড ঐক্যমঞ্চ। শূন্যপদ বৃদ্ধি করে স্থগিত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে চালু করার দাবিতে সোমবার করুণাময়ীর সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাকাডেমির পাশে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা।
২০২২ সালে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা তৃণমূল সরকারের সময়ে বারবার আন্দোলন করেছিলেন ৫০ হাজার শূন্যপদে নিয়োগ চেয়ে। ২০২৫ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনও ইন্টারভিউ প্রক্রিয়াই শেষ করা হয়নি। গত বছর সেপ্টেম্বরে দুর্গাপুজোর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় ১৩ হাজার ৪২১ শূন্যপদে পর্যায়ক্রমিক ইন্টারভিউ প্রক্রিয়া। বিজ্ঞপ্তির প্রায় এক বছর পার। নিয়োগ শেষ না করে মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্টারভিউ প্রক্রিয়া। আর কতদিন তাঁদের অপেক্ষা করতে হবে?’’ সেই প্রশ্ন নিয়েই দিনভর ধরনায় বসেন প্রায় ৩ হাজার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী। এদিন শূন্যপদ বৃদ্ধি করে অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে স্মারকলিপি দেন তাঁরা।
TET Protest
মাঝপথে ইন্টারভিউ বন্ধ, ফের দিনভর বিক্ষোভে টেট পাশ শিক্ষক পদপ্রার্থীরা
×
Comments :0