ডুয়ার্সে বুনো হাতির তাণ্ডবে ফের প্রাণ হারালেন এক চা শ্রমিক। মঙ্গলবার সকালে বানারহাট ব্লকের রেতি জঙ্গল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম গোফলে ছেত্রী(৫৫)। তিনি স্থানীয় কারবালা চা বাগানের ফ্যাক্টরি লাইনের বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গোফলে ছেত্রী আরও চারজন সঙ্গীর সঙ্গে রেতি জঙ্গলের গভীরে ঘাস কাটতে গিয়েছিলেন। কাজ করার সময় আচমকাই একটি বুনো হাতি তাঁদের সামনে চলে আসে। হাতির হুঙ্কার শুনে প্রাণের ভয়ে সকলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করেন। বাকি চারজন জঙ্গলের ঝোপঝাড়ের আড়ালে পালাতে সক্ষম হলেও, দৌড়ানোর সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান গোফলেবাবু। চোখের পলকে হাতিটি তাঁর ওপর চড়াও হয় এবং শুঁড় দিয়ে আছাড় মেরে পিষে দেয়।
সাথীরা চিৎকার শুরু করলে হাতিটি জঙ্গলে ফিরে যায়। এরপরই সঙ্গীরা ও স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জঙ্গল সংলগ্ন জনবসতি এলাকায় হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ইদানীং জঙ্গল ছেড়ে হাতিরা মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ছে। বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় একা যাতায়াত না করার জন্য এবং সতর্ক থাকার জন্য গ্রামবাসীদের জানানো হয়েছে।
Elephant Attack
হাতির হামলায় চা শ্রমিকের মৃত্যু ডুয়ার্সে
×
Comments :0