পরপর দুদিন রাজ্যের একাধিক পোস্ট অফিস, পাসপোর্ট কেন্দ্রে বোমাতঙ্ক ছড়ালো হুমকি ই-মেলে। যার ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই আতঙ্কের জেরেই সঠিকভাবে সময় মতো পরিষেবা পাচ্ছেন না। বৃহস্পতিবারের পর ফের শুক্রবার হুমকি মেল আসে চুঁচুড়া, শ্রীরামপুর সহ রাজ্যের একাধিক পোস্ট অফিসে। চুঁচুড়া মুখ্য ডাকঘরে মেল আসতেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে পড়েন পোস্ট অফিসের কর্মী থেকে সাধারণ গ্রাহকরাও। অনেকেই প্রশ্ন তুলছেন এই হুমকি মেল কি নিছক মজা করার জন্য । নাকি এর পিছনে গভীর উদ্দেশ্য রয়েছে। আখেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অনেকেই পাসপোর্ট সহ আধার কার্ডের কাজ করাতে এসে, পোস্ট অফিসে অন্যান্য পরিষেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন কখনো আদালত কখনো আবার ডাকঘর এরপর আবার কোথাও বোমাতঙ্ক ছড়াবে সেটা কেউই জানে না। গোটা জেলা জুড়ে উদ্বিগ্ন অবস্থা তৈরি হয়েছে সকলের মধ্যে।
চুঁচুড়া পোস্ট অফিসে এসে অনিকেত সাউ বলেন, "পাসপোর্ট এর জন্য সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি এখন শুনছি বোমাতঙ্ক ছড়িয়েছে সবাই বেরিয়ে গেছে অফিসে বন্ধ হয়ে গেছে কোন কাজই হচ্ছে না বারবার এইরকম ধরনের ঘটনায় আমরা সমস্যায় পরছি।" আরেক গ্রাহক সৈকত ঘোষ বলেন, "আমি অফিস ছুটি নিয়ে পোস্ট অফিসে এসেছি। এসে দেখছি এইরকম পরিস্থিতি পুরোপুরি কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।"
চুঁচুড়া হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার সৌমিত্র দত্ত বলেন, "গতকালের পর আজও মেল আসে বোমাতঙ্কের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা গ্রাহকসহ অফিসের কর্মীদের বাইরের বেরিয়ে যাওয়ার অনুরোধ করেছি। এগারোটা থেকে একটা পর্যন্ত অফিস অফিসের সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে সেই মতোই আমরা কাজ করছি। নিরাপত্তার কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে ঠিকই কিন্তু আমরা শেষ পর্যন্ত পরিষেবা দিচ্ছি।"
Comments :0