মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে আদিবাসী সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিকের এক নেতাকে গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইউপিডিএফ সমন্বয়ক নীতি দত্ত চাকমা(৪০)-কে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচিত দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখিয়েছে আদিবাসী সংগঠনগুলি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় এদিন সকাল পৌনে ৯টা নাগাদ এই খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় ভাবে বৈসাবি মেলার আয়োজন উপলক্ষে একটি প্রস্তুতি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। খুনের নেপথ্যে ‘ইউপিডিএফ-প্রসীত খিসা’ গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। যদিও ওই গোষ্ঠীর মুখপাত্র অংগ্য মারমা সেই অভিযোগ অস্বীকার করেছেন।
বস্তুত, প্রায় চার দশক ধরেই বার বার গোষ্ঠীহিংসায় রক্তাক্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আশির দশকে পার্বত্য চট্টগ্রামের জনবিন্যাস বদলে দেওয়ার উদ্দেশ্যে সেনাশাসক জিয়াউর রহমানের আমলে সমতলের প্রায় ৫০ হাজার মানুষকে পাহাড়ে বসতি গড়ে দেওয়া হয়। ‘সেটলার’ নামে পরিচিত সেই জনগোষ্ঠী সংখ্যায় বহু গুণ বেড়ে চাকমা ও অন্য জনজাতিদের অস্তিত্বের সঙ্কটে ফেলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে নীতি দত্ত চাকমা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Comments :0