আনন্দ-উৎসব নিমেষেই পরিণত হলো বিষাদে। বিজয় মিছিলের জন্য আবির কিনতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর অঞ্চলের গদিখানা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ফালাকাটা বিধানসভার ধনীরামপুর ১ নম্বর অঞ্চলের ১৪ নম্বর বুথে বিজেপির একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে ব্যবহারের জন্য আবির কিনতে একটি স্কুটিতে চেপে তিন যুবক গদিখানার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নকুল দাস(৩৫) ও মনি দাস(৩৪) এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন শুভ দাস নামে আরও এক যুবক। মৃত ও আহত— তিনজনেরই বাড়ি ফালাকাটার ধনীরামপুর ১ নম্বর অঞ্চলের এথেলবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। জখম শুভ দাসকে তড়িঘড়ি বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।
বিজয় মিছিলের প্রস্তুতির মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় গোটা খগেনহাট ও এথেলবাড়ি চা বাগান এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Road Accident in Falakata
পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু ফালাকাটায়
×
Comments :0