PWD worker

দিদিকে বলো'-তে ফোন করায় গেলো কাজ, ধর্নায় পিডাব্লুডির দুই অস্থায়ী কর্মী

জেলা

কাজ করেও মিলছিল না মাইনে, দিদিকে বলতে অভিযোগ করায় দুই কর্মীর ঠাই হয়েছে সরকারি অফিসের গেটের বাইরে।

'দিদিকে বলো'তে ফোন করতেই ঘটলো বিপত্তি। ফলস্বরূপ মিলল কাজ থেকে বহিস্কার। অফিস গেটের সামনে অবস্থানে অস্থায়ী কর্মী, কাজ ফিরিয়ে না দিলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার হুমকি। 
পিডাব্লুডিতে কাজ করেছেন অথচ বেতন পাননি প্রায় ২০ মাস। তাই বেতন না মেলায় দিদিকে বলোতে ফোন। সেই খবর জানতে পেরেই পিডাব্লুডির দুই অস্থায়ী কর্মীকে অফিস থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল আরামবাগে। এরই প্রতিবাদে পিডাব্লুডি অফিসের সামনেই ধর্নায় বসলেন দুই অস্থায়ী কর্মী। 
আরামবাগের বাসিন্দা রুমা হেলা ও বাসন্তী হেলা দুজনেই আরামবাগ পিডাব্লুডি অফিসে অস্থায়ী কাজ করছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে।
তাঁদের অভিযোগ, পিডাব্লুডি অফিসে তারা কাজ করেছেন বহুদিন ধরে। কিন্তু প্রায় ২০ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বারবার আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও ফল হয়নি। তাই বাধ্য হয়ে 'দিদিকে বলো'-তে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন। আর তাতেই ঘটলো বিপত্তি। দিদিকে বলোতে ফোনের খবর আধিকারিকদের কাছে পৌঁছতেই গত সপ্তাহের বৃহস্পতিবার দুই অস্থায়ী কর্মীকে আরামবাগ পিডাব্লুডি অফিসের এক আধিকারিক বিকেলে ডেকে পাঠায় বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। 
সেখানে জানতে চাওয়া হয় যে কেন দিদিকে বলোতে তে ফোন করে জানানো হয়েছে? অস্থায়ী কর্মীদের সঙ্গে আধিকারিকের বাক-বিতণ্ডা চলার মাঝেই অস্থায়ী কর্মীদের গালিগালাজ করে অফিস থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।গত শুক্রবার ওই দুই অস্থায়ী কর্মীকে অফিসের গেটের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে ওই দুই অস্থায়ী কর্মী চলতি সপ্তাহের সোমবার থেকেই পিডাব্লুডি অফিসের গেটের সামনেই হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন।

অস্থায়ী কর্মী রুমা হেলা বলেন, “অনেক মাস টাকা না পাওয়ায় বাধ্য হয়ে দিদিকে বলোতে ফোন করেছিলাম। বার বার কথা বলতে চেয়েছি অধিকারিকদের। কিন্তু কেউ শোনেনি। শেষে দিদিকে বলোতে ফোন করে সুবিচার পেলাম না। ফলস্বরূপ কাজ থেকে বার করে দিলো। তাই গেটের সামনে অবস্থানে বসেছি। আমাদের কাজ আমাদের করতে দিতে হবে। নাহলে এই গেটের সামনে গায়ে আগুন দেব। আমার মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী এবং এই আধিকারিক দায়ী থাকবে।”

Comments :0

Login to leave a comment