UK Starmer

পদত্যাগ চার মন্ত্রীর, বিপাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ সামলাতে হিমসিম খাচ্ছেন কিয়ার স্টারমার।

পদত্যাগ করেছেন চার মন্ত্রী। দলের ভেতরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ সামলাতে হিমসিম খাচ্ছেন কিয়ার স্টারমার। 
ব্রিটেনের লেবার পার্টির অন্তত ৮০ সাংসদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন। পদত্যাগ করেছেন চার মন্ত্রী- জেস ফিলিপস, জুবির আহমেদ, আলেক্স ডেভিস এবং মিয়াট্টা ফানবুল্লে। 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে লেবার পার্টির অন্য একশো সাংসদ একটি বিবৃতিতে সই করেছেন। তাঁরা দলেরই সাংসদদের উদ্দেশ্যে বলেছেন এখন বিবাদের সময় নয়। নিজের নিজের কাজে মনোযোগ দেওয়া জরুরি। 
গত সপ্তাহে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনে লেবার পার্টি শোচনীয় ফল করেছে। ইংলিশ কাউন্সিলে প্রায় ১৪০০ আসনে পরাজিত হয়েছে। তারপর থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে দলে। 
এদিকে স্টারমার মন্ত্রিসভার বৈঠকের পর বলেছেন তিনিই থাকছেন পদে। আপাতত দায়িত্ব চাড়ার প্রশ্ন নেই। কিন্তু দলে বিক্ষুব্ধদের শান্ত করতে পারেননি তিনি। 
লেবার পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গড়লেও অর্থনীতির হাল শোধরাতে পারেননি স্টারমার। বিশ্লেষকদের একাংশ বলেছেন, মধ্য প্রাচ্যে সঙ্কটের ধাক্কা লেগেছে ব্রিটেনেও। ২০২৪’র জুলাইয়ে জয়ী হয় লেবার পার্টি। স্টারমার দাবি করেছিলেন অর্থনীতিকে বদলানোর কাজ শুরু হয়ে যাবে। তবে তা হয়নি। 
ব্রিটেনে মূল্যবৃদ্ধিকে বাদ দিলে বেতন এবং মজুরি বৃদ্ধির হার মাত্র ১ শতাংশ। ৩ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির হার। অর্থনীতিবিদরা বলছেন, সাধারণ জনতার জীবনমান যেভাবে সঙ্কটে পড়েছে সাম্প্রতিক অতীতে তা দেখা যায়নি। লেবার পার্টি দাবি করেছিল যে সাধারণের জন্য আবাস বাড়ানো হবে। বাস্তবে তা হয়নি। অর্থনীতির বৃদ্ধির হারও ১ শতাংশের ধারেকাছে।  
স্থানীয় স্তরের নির্বাচনে লেবারদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে অতি দক্ষিণপন্থী দল ‘রিফর্ম ইউকে‘। রাজনৈতিক, অর্থনৈতিক- দু’দিক থেকে বিপদে রয়েছেন স্টারমার।

Comments :0

Login to leave a comment