ভোট গণনার আগের দিন ভিভি প্যাটের কাগজ পড়ে রয়েছে রাস্তায়। মধ্যমগ্রাম বিধানসভা এলাকার নীলগঞ্জ সুভাষনগর এলকার একটি পেট্রল পাম্পের কাছে পড়েছিল। কাগজ গুলো নোয়াপাড়া বিধানসভার।
মধ্যমগ্রাম থানার অন্তর্গত বারাসাত ১ নম্বর ব্লকের নীলগঞ্জ এলাকায় এই ভিভি প্যাটের কাগজ পরে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছান নোয়াপাড়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী গার্গী চ্যাটার্জি। তিনি অভিযোগ করেন, "উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্বাচন কমিশন এই ঘটনা ঘটিয়েছে। রিটার্নিং অফিসারকে ফোন করেছিলাম। ফোন ধরেননি। প্রয়োজনে ভোট গণনা বন্ধ করে দেবো।"
গার্গী আরও অভিযোগ করেছেন যে বেশির ভাগ কাগজেই সিপিআই(এম)- র ভোটের দেখা যাচ্ছে।
মহম্মদ সেলিম এক্স পোস্ট করে বলেন, “বজ্র আটুনি - ফস্কা গেরো! নোয়াপাড়া কেন্দ্রের ভিভিপ্যাট'র স্লিপ গণনার আগেই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আর হ্যাঁ, বেশীরভাগই গার্গীর কাস্তে হাতুড়ির ভোট।”
ভিভিপ্যাট স্লিপ রাস্তায় পড়ে থাকার ঘটনায় নির্বাচন কমিশনকে চিঠি দিল সিপিআই(এম)।
চিঠিতে বলা হয়েছে নোয়াপাড়া বিধানসভা এলাকায় এই ঘটনা কেবল অবহেলা নয়। বরং নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর বেনিয়ম। বোঝা যাচ্ছে যে ইভিএম বেআইনি ভাবে হস্তগত করা হয়েছিল। মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে পুরো বিষয়টি অভিসন্ধিমূলক।
কিভাবে এমন ঘটল তার ব্যাখ্যা দাবি করেছে সিপিআই(এম)। ঘটনার জন্য দায়ী কারা চিহ্নিত করার দাবি জানিয়েছে।
Comments :0