অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার কারণে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। বুধবার, ২৩ সেপ্টেম্বর, সকালে জয়পুর থানার কুলিয়া সোলবাগা এলাকার মহিলারা কুলিয়াঘাটের কাছে চৌরাস্তায় বিক্ষোভ দেখান।
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাজ্যজুড়ে বিক্ষোভে নামছেন মহিলারা। গত সোমবার কোচবিহার থেকে বসিরহাট, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বিক্ষোভে নামেন মহিলারা। সরকারি আধিকারিকদের ঘেরাও করছেন। বাদ দেওয়ার কারণ কী সে ব্যাখ্যা নেই সরকারের কাছে। সকলকে ৩ হাজার টাকা করে দেওয়ার মতো বরাদ্দ রাজ্যে বাজেটেই করা হয়নি।
জয়পুরে মহিলাদের অভিযোগ, দীর্ঘ চার মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। একাধিকবার প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার পরেও টাকা না মেলায় ক্ষোভে পথ অবরোধ করেন তাঁরা।
সকাল সাড়ে ৬টা নাগাদ কুলিয়াঘাট এলাকায় জড়ো হয়ে মহিলারা কুলিয়া-বাগনান রাস্তার উপর গাছের গুঁড়ি ও ডাল ফেলে অবরোধ করেন। এর জেরে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী ও অন্যান্য পথচারীরা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবির বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস দেয়। এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
অন্যদিকে, একই দাবিতে বুধবার দুপুরে আমতা-২ ব্লক অফিসের সামনেও বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।
উল্লেখ্য, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মহিলাদের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এর আগে একই দাবিতে উলুবেড়িয়া ও উদয়নারায়ণপুর এলাকাতেও বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা।
গত মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে অন্নপূ্র্ণা ভান্ডার সহ একাধিক দাবিতে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস অভিযান হয়।
Annapurna Protest Howrah
অন্নপূর্ণার টাকা না মেলায় জয়পুরেও বিক্ষোভ মহিলাদের
জয়পুর থানার কুলিয়া সোলবাগা এলাকার মহিলারা কুলিয়াঘাটের কাছে চৌরাস্তায় বিক্ষোভ মহিলাদের। ছবি: মনিরুল হক
×
Comments :0