মাকে গুলি করে খুন করে আত্মঘাতি হলো ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আসানসোল নগর নিগমের ৭২ নম্বর ওয়ার্ডের কুলটি থানার অন্তর্গত কুলটি কলেজমোড় সংলগ্ন রামকৃষ্ণপল্লিতে। মৃতদের নাম সন্ধ্যা মুখার্জি( ৭৬) ছেলে রাজা মুখার্জি(৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেল, বাড়িতে মা ও ছেলে ছিলেন। ছেলে রাজা একটি বেসরকারি নিরাপত্তা এজেন্সিতে গানম্যানের কাজ করতেন। গত ছয় মাস ধরে তাঁর কাজ ছিলনা। তাঁর কাছে লাইসেন্স করা বন্দুক ছিল। বাড়িতে অশান্তি চলছিল। ছেলের মার খেয়ে বুধবার বাবা দয়াময় মুখার্জি মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশীপুরে চলে যান। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোরে তিনি কুলটি চলে আসেন। দয়াময় মুখার্জি বলেন, ছেলে প্রথমে মাকে গুলি করে মারে। বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিজে গুলিতে আত্মঘাতি হয়। প্রতিবেশীরা রাত ১২টা নাগাদ পরপর দুটি গুলির শব্দ শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। পুলিশ মা ও ছেলের ঝলাসানো দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানায়, দুজনেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Asansol
মাকে গুলি করে আত্মঘাতি ছেলে, চাঞ্চল্য আসানসোলে
×
Comments :0