Bangladesh

বেলা বাড়তে বাংলাদেশের নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি

আন্তর্জাতিক

বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ, খুলনায় বিক্ষিপ্ত অশান্তি। খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে বিএনপি এবং জামাত দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও হট্টগোল তৈরি হয়। মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার সেই উত্তেজনার মাঝে পড়ে মৃত্যু হয়েছে বলে সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। 

মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন বলে খবর। অন্যদিকে গোপালগঞ্জে ভোট কেন্দ্রের বাইরে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিশু সহ তিনজন আহত হওয়ার খবর সামনে এসেছে। 

২০২৪ এর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। আওয়ামি লিগকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে খালেদার মৃত্যুর পর বিএনপি লড়ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে। 

এয়োদশ সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারেক একথা বলেন।

বাংলাদেশের মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯টি আসনে মোট ২০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯। 

 

Comments :0

Login to leave a comment