Bidhannagar hospital

টেস্টের নামে জালিয়াতি বিধাননগর হাসপাতালে

কলকাতা

টেস্টের নাম করে জালিয়াতি। থানায় অভিযোগ জানিয়েও এখনও অধরা অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে ঢিল ছোঁড়া দুরত্ব বিধাননগর সাবজেনারেল হাসপাতালে। গত ২০ ফেব্রুয়ারি জ্বর এবং বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোমা মাহাতো। ভর্তি হওয়ার সাথে সাথে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। তার সাথে যুক্ত করা হয় টাইফয়েড টেস্ট এবং ইউরিন টেস্ট।

রোগীর আত্মীয় বিজয় মাহাতোর কথায়, ‘হাসপাতালের পক্ষ থেকে আমাদের বলা হয় যে এই পরীক্ষা তাদের হাসপাতালে করানো সম্ভব নয়। বাইরে থেকে করতে হবে।

তিনি জানান, হাসপাতালে রোগীর দেখা শোনার জন্য আয়া রাখা হয়। সেই ব্যাক্তি তাকে জানান যে তার জানা ল্যাব থেকে এই পরীক্ষা গুলো করানো যাবে। বিজয় মাহাতো বলেন, ‘আমাদের বাইরে থেকে টেস্ট করতে বলা হয়েছিল। আমরা করাতাম। কিন্তু উনি আমাদের বলায় আমরা রাজি হয়ে যাই।

এই টেস্টকে কেন্দ্র নিয়েই সমস্যা। রোগীর বাড়ির লোকদের কথায়, তাদের কাছে যেই রিপোর্ট দেওয়া হয় সেটা বেলেঘাটার এআই ডায়গনিস্টিক ল্যাব থেকে করানোর। কিন্তু আদতে ওই ল্যাব থেকেই কোন পরীক্ষা করা হয়নি।

ল্যাবের ফোন নম্বর দেখে সন্দেহ হয় রোগীর পরিজনদের। তাদের কথায় তারা ওই নম্বরে ফোন করলে জানতে পারে ওই নম্বর সেই ব্যাক্তির নম্বর যে রক্ত পরীক্ষার জন্য রক্ত নিয়েছিল।

তারপর নির্দিষ্ট ল্যাবের সাথে যোগাযোগ হলে তারা জানতে পারে যে ওই রোগীর নামে কোন টেস্ট হয়নি। রোগীর আত্মীয়দের কাছে ধারনা স্পষ্ট হয়ে যায় যে তাদের যেই রিপোর্ট দেওয়া হয়েছে তা ভুয়ো। বিলও ভুয়ো। 

গোটা বিষয় সামনে আসার পর বিধাননগর নর্থ থানায় অভিযোগ দায়ের করা হয় রোগীর পরিজনদের পক্ষ থেকে। অভিযুক্ত আয়া এবং যে রক্ত নিয়েছে তার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। মঙ্গলবার রাতে থানায় ডায়রি করা হলেও তাদের বিরুদ্ধে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

হাসপাতালে প্রথমে জানানো হলে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। পরবর্তীকালে সুপারের কাছে ডায়রির কপি জমা দেওয়া হলে হাসপাতালে অভিযুক্ত আয়াকে সাসপেন্ড করে।

Comments :0

Login to leave a comment