গভীর রাতে শহরের শান্ত জনপদ হঠাৎই উত্তপ্ত হয়ে উঠছে উড়ন্ত পাথরের আঘাতে। রাতের অন্ধকারে চলন্ত মোটরবাইক থেকে বিভিন্ন বাড়িতে পাথর ও ঢিল ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহর জুড়ে। গত কয়েকদিনে একাধিক এলাকায় এই ধরণের হামলার খবর আসায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা অসীম ঘোষ অভিযোগ করেন, গভীর রাতে যখন শহর শুনশান থাকে, তখন একদল দুর্বৃত্ত মোটরবাইকে চেপে এসে অতর্কিতে সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ছে। মূলত জানালার কাঁচ ও দরজার প্যানেল লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। বেশ কয়েকটি বাড়িতে কাঁচ ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আচমকা এই ধরণের 'হিট অ্যান্ড রান' হামলায় রাতের ঘুম উড়েছে ধূপগুড়িবসীর।
পরিস্থিতি মোকাবিলায় এবং এলাকায় শান্তি ফেরাতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে শহরের বিভিন্ন মোড়ে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে টহলদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে এবং সন্দেহভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ থানায় খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, খুব দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।
তবে কারা, কী উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ধরণের ঘটনা ঘটাচ্ছে, তা নিয়ে ধন্দ কাটছে না সাধারণ মানুষের। পুলিশের এই তৎপরতায় কত দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়ে, এখন সেটাই দেখার।
Dhupguri Stone Attack
গভীর রাতে বাড়িতে বাড়িতে পাথর বৃষ্টি! আতঙ্কিত ধূপগুড়ি
×
Comments :0