মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় ফাটল ধরাল ইরান। জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনার অত্যাধুনিক থাড (Terminal High Altitude Area Defence) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান রাডারটি ধ্বংস করেছে তেহরান। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এই হামলায় আমেরিকার ৩০০ মিলিয়ন ডলারের (প্রায় ২৫০০ কোটি টাকা) বেশি মূল্যের একটি রাডার সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছে।
জর্ডানের মুয়াফফাক সালতি এয়ার বেস-এ মোতায়েন করা AN/TPY-2 রাডারটিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, রাডারটির আশেপাশে দুটি বিশাল গর্ত তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যন্ত নিখুঁত ভাবে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই ঘাঁটিটি ইরান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আমেরিকার এই 'থাড' (THAAD) বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর বৈশিষ্ট্যগুলি হলো, এটি বায়ুমণ্ডলের একেবারে শেষ স্তর থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। AN/TPY-2 রাডারটি হলো এর মূল অংশ। এটি শত্রুর ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে পথ দেখায়।
বিশেষজ্ঞদের মতে, এই রাডারটি ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল। এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে আমেরিকাকে মূলত প্যাট্রিয়ট (Patriot)-এর ওপর নির্ভর করতে হবে। যা সাধারণত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত হয়।
এর আগে কাতারে মোতায়েন করা আমেরিকার আরেকটি আর্লি ওয়ার্নিং রাডারও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান, আমেরিকা ও ইজরায়েলের এই যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। হরমোজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামও আকাশছোঁয়া হতে শুরু করেছে।
IRAN ISRAEL CONFLICT
আমেরিকার থাড ধ্বংস করতে সক্ষম ইরান
×
Comments :0