Oil tanker

হরমোজ প্রণালীর বাধা কাটিয়ে মুম্বাই বন্দরে সৌদি তেলের জাহাজ

জাতীয় আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধ চরম আকার ধারণ করায় যখন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ভারতের জন্য এল স্বস্তির খবর। বুধবার সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে মুম্বাই বন্দরে পৌঁছেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘শেনলং সুয়েজম্যাক্স’ (Shenlong Suezmax)। গত দুই সপ্তাহে যুদ্ধ পরিস্থিতির অবনতির পর এটিই প্রথম কোন তেলের জাহাজ যা পারস্য উপসাগরের পথ পাড়ি দিয়ে ভারতে এসে পৌঁছাল।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী দিয়ে। বর্তমানে ইরান হুমকি দিয়েছে যে তারা এই পথ দিয়ে এক ফোঁটা তেলও বের হতে দেবে না। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ১৩৫,০০০ মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল নিয়ে শেনলং সুয়েজম্যাক্স মুম্বাই বন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, গত বুধবারই ভারতমুখী থাই জাহাজ ‘ময়ূরী নারী’ (Mayuri Naree) এই প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এমন ভয়াবহ ঝুঁকি থাকা সত্ত্বেও ইরানি কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে এবং রাডারে নিজেদের অবস্থান গোপন রেখে জাহাজটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করে।
সূত্রের খবর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় পতাকা লাগানো কোন জাহাজে হামলা করা হবে না।
মুম্বাই বন্দরে পৌঁছানো এই অপরিশোধিত তেল দ্রুত মাহুলের রিফাইনারিতে (শোধনাগার) পাঠানো হচ্ছে বলে খবর। গত কয়েকদিন ধরে যুদ্ধের প্রভাবে সারা দেশে বিশেষ করে মুম্বাই ও বেঙ্গালুরুতে এলপিজি (LPG) সিলিন্ডারের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। সরকার বাধ্য হয়ে রান্নার গ্যাসের বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করেছে। এই পরিস্থিতিতে নতুন করে তেলের সরবরাহ দেশে এলপিজি উৎপাদন বাড়াতে এবং সাধারণ মানুষের উদ্বেগ কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment