২০০২ সালের সাংবাদিক খুনের মামলায় জামিন পেলেন ডেরা প্রধান রাম রহিম। ২০০২ সালের প্রখ্যাত সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় শনিবার রাম রহিমকে বেকসুর খালাস করে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। প্রধান বিচারপতি শীল নাগুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে।
২০১৯ সালের জানুয়ারি মাসে পাঁচকুলার বিশেষ সিবিআই (CBI) আদালত রাম রহিমকে এই খুনের মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। হাইকোর্ট আজ সেই সাজা খারিজ করে দিয়েছে। তবে রাম রহিমের সাজা মকুব হলেও, এই মামলার অন্য তিন অভিযুক্তের সাজা বহাল রেখেছে আদালত।
২০০২ সালের অক্টোবর মাসে হরিয়ানার সিরসায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন স্থানীয় সংবাদপত্র ‘পুরা সচ’-এর সম্পাদক রাম চন্দর ছত্রপতি। ডেরা সদর দপ্তরে মহিলাদের যৌন হেনস্থা নিয়ে একটি বেনামী চিঠি তার সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই এই হামলা চালানো হয়। কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। ২০০৬ সালে মামলাটি সিবিআই-এর হাতে যায় এবং রাম রহিমকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়।
প্রয়াত সাংবাদিকের পুত্র অংশুল ছত্রপতি এই রায়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই রায় আমাদের পরিবারের জন্য একটি বড় ধাক্কা। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা আশা করছি সিবিআই-ও এই রায়কে চ্যালেঞ্জ জানাবে।’
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মে মাসে ডেরা ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলাতেও তদন্তে ত্রুটির কথা উল্লেখ করে তাকে মুক্তি দিয়েছিল আদালত। তবে খুনের মামলায় খালাস পেলেও, ২০১৭ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন এই স্বঘোষিত ধর্মগুরু।
Ram Rahim
সাংবাদিক খুনের মামলায় জামিন রাম রহিমের
×
Comments :0