তেহরানে ইজরায়েলি হামলার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ময়দানে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু পরিকাঠামো ধ্বংস করতে আমেরিকার সক্রিয় ভূমিকার কথা স্বীকার করে নিয়ে তেহরানকে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আমেরিকা তাদের সমস্ত পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেবে।’
ভিডিওটিতে ট্রাম্প আরও যোগ করেন যে, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী যদি অবিলম্বে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না করে এবং অস্ত্র সমর্পণ না করে, তবে তাদের ‘মৃত্যুর’ মুখোমুখি হতে হবে।
ট্রাম্প নিশ্চিত করেছেন যে, এই আক্রমণ মূলত ইরানের পরমাণু পরিকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য চালানো হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের জেদ বজায় রাখে, তবে এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ।
ট্রাম্পের মতে, আলোচনার পথ প্রায় বন্ধ। এখন কেবল ‘অস্ত্র ত্যাগ’ অথবা ‘ধ্বংস’ এই দুটি বিকল্পই ইরানের সামনে খোলা আছে।
পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং ইজরায়েলি বিমান হামলা ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন এবার কোন আপস করতে রাজি নয়।
ট্রাম্পের ‘মৃত্যুর মুখোমুখি হওয়া’ সংক্রান্ত মন্তব্যটি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা ‘রেজিম চেঞ্জ’-এর সরাসরি হুমকি হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ট্রাম্পের এই ভিডিও বার্তার পর বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। কূটনৈতিক মহলের ধারণা, ইরান যদি পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে কোন নমনীয় প্রতিক্রিয়া না জানায়, তবে এই সংঘাত এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
TRUMP
ইরানের প্রতি ট্রাম্পের চরম হুঁশিয়ারি, নিন্দা বিভিন্ন মহলে
×
Comments :0