মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইসরায়েল বনাম ইরান যুদ্ধে এবার প্রাণ গেলো দুই ভারতীয়ের। ওমান উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে স্কাইলাইট নামে একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে দুই ভারতীয়ের। নিহতদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন এবং অন্যজন ক্রু সদস্য।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, নিহত দুই ভারতীয় হলেন, ক্যাপ্টেন আশিশ কুমার। বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার বাসিন্দা ছিলেন তিনি। অপরজন দলিপ সিং, রাজস্থানের নাগৌর জেলার খিনওয়াতানা গ্রামের বাসিন্দা তিনি।
গত ১ মার্চ (রবিবার), পালাউয়ের পতাকাধারী তেলবাহী জাহাজ 'স্কাইলাইট' ওমানের খাসাব বন্দর থেকে মাত্র ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সেই সময় আচমকা একটি মিসাইল বা ড্রোন বোট জাহাজের সামনের অংশে আঘাত করে।
জানা গিয়েছে আশিশ কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কেবিন থেকে। তার পরিবার জানিয়েছে, গত ২০ জানুয়ারি তিনি মার্চেন্ট নেভিতে যোগ দিয়েছিলেন এবং ২২ ফেব্রুয়ারি এই জাহাজে দায়িত্ব বুঝে নেন।
দলিপ সিং জাহাজের সামনের অংশে ডিউটিতে থাকাকালীন তারও মৃত্যু হয়। আগুন লেগে যাওয়ায় তাদের দেহ মারাত্মক ভাবে পুড়ে যায়।
ক্যাপ্টেন আশিশের ছোট ভাই শুভম জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রথম হামলার খবর পান। মৃতদের পরিবার এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে আর্জি জানিয়েছে যাতে দ্রুত তাদের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এই হামলাটি এমন এক সময়ে হয়েছে যখন ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ চরম আকার ধারণ করেছে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুর পর ইরান এই এলাকায় জাহাজ চলাচলে কড়াকড়ি শুরু করেছে। মার্কিন সাবমেরিন কর্তৃক ইরানের যুদ্ধজাহাজ 'আইরিস ডেনা' ডুবিয়ে দেওয়ার পর থেকেই এই অঞ্চলে বেসামরিক বাণিজ্যিক জাহাজগুলোও এখন চরম ঝুঁকির মুখে।
ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা ২০ জন ক্রু মেম্বারের মধ্যে ১৫ জনই ছিলেন ভারতীয়। বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও এই দুই ভারতীয় প্রাণ হারানোয় শোকের ছায়া নেমে এসেছে।
IRAN ISRAEL CONFLICT
মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেলো দুই ভারতীয়ের
×
Comments :0