USA - IRAN

জেনেভা বৈঠক শেষেও গলেনি বরফ: ট্রাম্পের 'রেড লাইন' মানতে নারাজ ইরান

আন্তর্জাতিক

জেনেভা বৈঠকের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মূল শর্তগুলো মেনে নিতে তেহরান এখনও অনীহা দেখাচ্ছে। মঙ্গলবার জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।
বৈঠক শেষে 'ফক্স নিউজ'-এ এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘আলোচনার ফলাফল মিশ্র। একদিকে যেমন ইতিবাচক দিক হলো যে তারা পরবর্তী বৈঠকের জন্য রাজি হয়েছে, তেমনি অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া 'রেড লাইন' বা চূড়ান্ত সীমাগুলো ইরান এখনও মানতে চাইছে না।’
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্য উত্তেজনা এখন তুঙ্গে। জেডি ভ্যান্স স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান চায়, তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিকল্পও খোলা রাখা হয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব পথই খোলা রেখেছেন। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।’ 
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই আলোচনা নিয়ে কিছুটা আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নতুন একটি পথ উন্মুক্ত হয়েছে। জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, ইরান একটি আলোচনানির্ভর সমাধান চায় যা অঞ্চলের সবার স্বার্থ রক্ষা করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে, ইরান যে কোন আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত এবং হামলার ফলাফল কেবল ইরানের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

Comments :0

Login to leave a comment