Delhi Water

আগামী ৪৮ ঘণ্টা জল বন্ধ দিল্লিতে, বিপাকে একাধিক এলাকা

জাতীয়

বুধবার থেকে আগামী ৪৮ ঘণ্টা দিল্লির বিস্তীর্ণ এলাকায় ব্যাহত হতে চলেছে স্বাভাবিক জল সরবরাহ। দিল্লি জল বোর্ডের (DJB) পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের মূল পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও সংযোগ স্থাপনের কাজের জন্যই এই সাময়িক ভোগান্তি।
দিল্লি জল বোর্ড সূত্রে খবর, ভাগ্য বিহারের দ্বারকা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে একটি নতুন পাইপলাইন মূল লাইনের সাথে যুক্ত করার কাজ চলছে। মূলত শহরের জল সরবরাহ ব্যবস্থাকে আরও সুষ্ঠু এবং উন্নত করতেই এই পরিকাঠামো বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি, সকাল ১১টা থেকে ২৭ ফেব্রুয়ারি, সকাল ১১টা পর্যন্ত এই কাজ চলবে। বন্ধ থাকবে পরিষেবা।
এই সময়ের মধ্যে পশ্চিম ও দক্ষিণ দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ অথবা অনিয়মিত থাকতে পারে।
বোর্ড কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আগেভাগেই পর্যাপ্ত জল মজুত রাখার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখিত। তবে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা রাখা হচ্ছে।’
জরুরি প্রয়োজনে বাসিন্দারা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে জলের ট্যাঙ্কার আনিয়ে নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment