Accident In Nagrakata

পড়ুয়াবোঝাই গাড়ির ধাক্কায় মৃত ৩ চা শ্রমিক, জখম ১৩

রাজ্য জেলা

কৌশিক দাম: নাগরাকাটা

পড়ুয়া বোঝাই একটি ক্যান্টার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় মর্মান্তিক দুর্ঘটনায় তিনজন চা শ্রমিক প্রাণ হারালেন। সোমবার দুপুর ২টা ১০ মিনিট নাগাদ নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া পঞ্চায়েতের আপার চ্যাংমারি চা বাগানের কোঠি লাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় গাড়িতে থাকা চ্যাংমারি চা বাগান হাইস্কুলের একাধিক পড়ুয়া ও চালক-সহ মোট ১৩ জন জখম হয়েছেন। জখমদের মধ্যে চালক-সহ চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনায় গোটা চা বলয়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্কুল ছুটির পর চ্যাংমারি চা বাগান হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে ক্যান্টার গাড়িটি কোঠি লাইন ধরে ফিরছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, চলন্ত অবস্থায় আচমকাই গাড়িটির ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন কাস্টমসের আউটপোস্ট অফিসে সজোরে ধাক্কা মারে। সেই সময় ওই ভবনের সামনে সারাদিনের তোলা কাঁচা চা পাতা ওজন করার জন্য বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি তাঁদের পিষে দিয়ে ভবনে ধাক্কা মারে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও বাগানের অন্যান্য শ্রমিকেরা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক শ্রমিক প্রাণ হারান। হাসপাতাল সূত্রে খবর,জখম ১৩ জনকে প্রথমে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে (স্বাস্থ্যকেন্দ্র) নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জন পর্যবেক্ষণে রয়েছেন। সাতজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চালক-সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। মৃতরা হল মৃতরা হীরালাল কাঁচুয়া(৫৫), শীত সোরেন ৩৭, এবং বজরং লাকরা(৪২)।
খবর পেয়েই ঘটনাস্থলে নাগরাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনের পদস্থ আধিকারিকেরা পৌঁছায়। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। যান্ত্রিক ত্রুটি (ব্রেক ফেল) নাকি চালকের বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পড়ুয়াদের পরিবারের পাশে সিপিআই(এম) নেতৃত্ব দাঁড়ান। শুরু থেকেই উদ্ধারকাজ ও হাসপাতালে তদারকিতে সিপিআই(এম) নেতা সিকান্দার মাঝি, রাজা দত্ত, আশিস সরকার ও সঙ্গীতা রায় রয়েছেন। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বলেন, ‘‘জখম প্রত্যেকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবারগুলিকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়,প্রশাসনকে অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে। পার্টি প্রথম থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে।’’

Comments :0

Login to leave a comment