Rahul Gandhi

আন্তর্জাতিক কূটনীতিতে ভারত এখন ‘সাইড প্লেয়ার’, শিকাগো বিশ্ববিদ্যালয়ে মন্তব্য রাহুলের; পাল্টা আক্রমণে বিজেপি

জাতীয়

আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতের ভূমিকা ক্রমশ কমছে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় ভারত এখন আর সক্রিয় ভূমিকা নিতে পারছে না, বরং ‘সাইড প্লেয়ার’ হয়ে দাঁড়িয়েছে। বুধবার আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনায় এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত বন্ধের আলোচনায় পাকিস্তানের ভূমিকা থাকলেও ভারত কেন কার্যত দর্শকের ভূমিকায়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। রাহুলের এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণে নেমেছে বিজেপি। কংগ্রেস নেতার বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তাকে ‘পাকিস্তানের ভক্ত’ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় রাহুল বলেন, আয়তন, অর্থনীতি এবং আন্তর্জাতিক গুরুত্বের নিরিখে ভারতের বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। একসময় আন্তর্জাতিক ভূ-রাজনীতি সম্পর্কে ভারতের যথেষ্ট গভীর ও পরিণত উপলব্ধি ছিল। কিন্তু বর্তমানে সেই অবস্থান আর নেই। তার কথায়, ‘ভারত তার আকারের কারণেই স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। বিশ্বব্যাপী আলোচনায় ভারতের সক্রিয় অংশগ্রহণ করা উচিত। কিন্তু বাস্তবে ভারত এখন সাইড প্লেয়ার হয়ে গিয়েছে।’
আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, আমেরিকা, ইরান এবং রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক কূটনীতিতে সেই সম্পর্ককে প্রভাব বিস্তারের ক্ষেত্রে কাজে লাগাতে পারছে না নয়াদিল্লি। তিনি বলেন, ‘পাকিস্তান ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চালানোর ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, আর ভারত শুধু তাকিয়ে দেখছে। এটা দেখে আমি সত্যিই বিস্মিত।’
স্বাধীনতার পর জওহরলাল নেহরুর নেতৃত্বে জোটনিরপেক্ষ আন্দোলনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করান রাহুল। তার বক্তব্য, একসময় আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের নিজস্ব অবস্থান এবং প্রভাব ছিল। সেই হারানো কূটনৈতিক গুরুত্ব ও স্বতন্ত্র কণ্ঠস্বর আবার ফিরে পাওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রনেতাদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার সমালোচনা করেন তিনি। রাহুলের মতে, রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কখনও শুধুমাত্র রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত বন্ধুত্বের উপর নির্ভর করে না। আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয় বৃহত্তর অর্থনৈতিক কাঠামো এবং ভূ-রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্ধুত্বটাই আসল বিষয় নয়। একজন নেতা আপনার বন্ধু হলেই কি ভূ-রাজনীতি সেই অনুযায়ী চলবে? তার পিছনে একটি গোটা অর্থনৈতিক ব্যবস্থা কাজ করে। আপনি তাকে পছন্দ করেন কি না, তার ভিত্তিতে তিনি দেশের সিদ্ধান্ত নেবেন না।’ তবে রাষ্ট্রনেতাদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বে তার আপত্তি নেই বলেও স্পষ্ট করেন রাহুল। তার বক্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তন নিয়েও বক্তব্য রাখেন রাহুল। তার মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বব্যবস্থা মূলত পশ্চিমী শক্তিগুলির প্রভাবেই গড়ে উঠেছিল। কিন্তু আগামী দিনের আন্তর্জাতিক কাঠামো কোনও একটি সভ্যতা বা শক্তির একক নিয়ন্ত্রণে থাকবে না। আমেরিকা, চিন, ভারত, মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মতো একাধিক শক্তি ও সভ্যতার ভূমিকার ভিত্তিতেই নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠবে।
আলোচনায় পাকিস্তানের এক নাগরিকের প্রশ্নের জবাবে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন রাহুল। দুই দেশের মধ্যে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের বাইরে গিয়ে সহযোগিতার পথ খোলা সম্ভব কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলোচনার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু তার আগে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত ও উৎসাহ দেওয়া বন্ধ করতে হবে।
রাহুল বলেন, ‘আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু বড় সমস্যা হল, পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসবাদকে সমর্থন ও উৎসাহ দিয়ে চলেছে।’ তার বক্তব্য, নিরীহ মানুষের মৃত্যু ঘটতে থাকলে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা ভারতের পক্ষে সম্ভব নয়। সন্ত্রাসবাদে মদত বন্ধ হলেই দুই দেশের মধ্যে আলোচনার পথ খুলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রাহুলের বক্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণ শুরু করে বিজেপি। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তোলে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র সি আর কেশবন এক্স-এ পোস্ট করে রাহুলের মন্তব্যকে ‘নিন্দনীয় ও অমার্জনীয়’ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, রাহুল গান্ধী পাকিস্তানের পক্ষে প্রচার চালানোর ভূমিকা পালন করছেন।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও রাহুলকে ‘পাকিস্তান ফ্যান বয়’ বলে কটাক্ষ করেন। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বর্তমানে বহুমেরু বিশ্বব্যবস্থায় ঐক্য ও ঐকমত্য তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব কংগ্রেস নেতৃত্ব সহ্য করতে পারছে না বলেও অভিযোগ করেছে গেরুয়া শিবির।
বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের নীতি ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর সমালোচনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বিজেপির বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার অভিযোগ তুলেছিলেন তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরেও আমেরিকায় পড়ুয়াদের সঙ্গে আলোচনায় ভারতের বেকারত্ব এবং আমদানি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাহুল। তার বক্তব্য ছিল, বিশ্ব উৎপাদন ব্যবস্থায় একসময় আমেরিকার আধিপত্য থাকলেও পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া, জাপান এবং চিনের মতো দেশ উৎপাদন ক্ষেত্রে এগিয়ে এসেছে। বর্তমানে চিন বিশ্ব উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। ভারতের বাজারে মোবাইল ফোন, আসবাবপত্র ও পোশাকের মতো পণ্যে ‘মেড ইন চায়না’ লেখা থাকার প্রসঙ্গ তুলে ভারতের উৎপাদন ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
সব মিলিয়ে, শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ফের একবার বিদেশনীতি, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থান এবং পাকিস্তান প্রসঙ্গে কেন্দ্র ও বিরোধী শিবিরের রাজনৈতিক সংঘাত সামনে এলো।

Comments :0

Login to leave a comment