নদীয়া জেলার স্কুলছাত্রী তামান্না খাতুন খুনের ঘটনার সঙ্গে জড়িত প্রায় সব অপরাধীকেই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তার সরকারে মূল লক্ষ্যই হলো আক্রান্তদের সঠিক বিচার নিশ্চিত করা।
গতবছর অর্থাৎ ২০২৫ সালের ২৩ জুন ছিল নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশ চলছিল। তৃণমূলের জয় নিশ্চিত হতেই শুরু হয় বিজয় মিছিল। সেই মিছিল থেকেই এলাকার সিপিআই(এম) সমর্থকদের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। সেই বোমাবাজির জেরেই মৃত্যু হয় ১০ বছরের স্কুলছাত্রী তামান্না খাতুনের।
গত মঙ্গলবার সেই ঘটনার এক বছর পূরণ হয়েছে। সেইদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। সঙ্গে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি ও ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। সেইদিনই এই ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
‘এক্স’ পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, গত কয়েক দিনে পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের সীমানা পেরিয়ে গুরগাঁও ও নাগপুরের মতো জায়গায় তদন্ত চালিয়েছে এবং এই মামলার সঙ্গে জড়িত আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে।
এই নিয়ে এই ঘটনায় মোট ১৪ জন কে গ্রেপ্তার করলো পুলিশ। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যেভাবে এই তদন্তের অগ্রগতি ঘটছে তাতে তিনি খুশি। পাশাপাশি, এই জন্য কৃষ্ণনগর জেলা পুলিশের প্রশংসা ও করেছেন তিনি।
তামান্নার মায়ের সঙ্গে দেখা করার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "তামান্নার শোকার্ত মায়ের সঙ্গে আমার সাক্ষাতের পর, অপরাধীরা যাতে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি হয় তা নিশ্চিত করতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমি পশ্চিমবঙ্গবাসীকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এফআইআর-এ নাম থাকা প্রায় সব অভিযুক্তকেই এখন গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তার হওয়া ১২ জনের পরিচয় হলো—জিয়ারুল শেখ, সাবির শেখ, ফকার শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ, মিনারুল শেখ, আনিসুর শেখ, মিলন শেখ, রাজাবুল শেখ, জাকাত শেখ, সাহিবুল শেখ, আমিরুল শেখ সহ রাকিবুল শেখ।
এই প্রসঙ্গে, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "তামান্নার পাশাপাশি পূর্ববর্তী সরকারের হিংসার শিকার সকলের কোথায় আমাদের ডেলিগেশন( মীনাক্ষী মুখার্জি ও মুস্তাফিজুর রহমান) মুখ্যমন্ত্রী নজরে আনার জন্য বৈঠক করেছিল। অভিযুক্তদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি প্রমান করছে সরকার চাইলেই ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি আমরা কামদুনির ঘটনা নিয়েও অপরাধীদের শাস্তির দাবিও জানিয়েছি।"
CM ON TAMANNA MURDER
তামান্না খুনের সঙ্গে জড়িত সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে , জানালেন মুখ্যমন্ত্রী
×
Comments :0