Fifa World Cup Third place

গোলবন্যা, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

খেলা বিশ্বকাপ ২০২৬

মিয়ামিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রীতিমতো গোলবন্যার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ১০ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলো ইংল্যান্ড। ম্যাচের নায়ক বুকায়ো সাকা, যিনি দুর্দান্ত হ্যাটট্রিক করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। 
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থমাস টুখেলের দল। তৃতীয় মিনিটেই ডেকলান রাইস গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। এরপর এজরি কনসা ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুটি গোল করে সাকা ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম ৪৫ মিনিটে ফ্রান্স কার্যত ছন্দহীন ছিল। 
বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করে ফ্রান্স। এমবাপ্পে জোড়া গোল করেন, বারকোলা ও উসমান দেম্বেলেও গোলের খাতায় নাম লেখান। একসময় ব্যবধান কমে দাঁড়ায় মাত্র এক গোলে, ফলে ম্যাচে ফিরে আসার আশা জাগে ফরাসিদের। 
তবে শেষ মুহূর্তে সাকা পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে স্বস্তি এনে দেন। যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের গোল ইংল্যান্ডের জয় নিশ্চিত করে। ৬-৪ ব্যবধানে জিতে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে থ্রি লায়ন্সরা। 
এই ম্যাচটি ছিল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর দায়িত্বে শেষ ম্যাচ। ১৪ বছরের অধ্যায় শেষ হলেও জয়ের হাসি নিয়ে বিদায় জানাতে পারেননি তিনি। অন্যদিকে, সেমিফাইনালের হতাশা কাটিয়ে বিশ্বকাপ অভিযান ব্রোঞ্জ পদক দিয়ে শেষ করলো ইংল্যান্ড।

Comments :0

Login to leave a comment