ফের খবরের শিরোনামে হিঙ্গলগঞ্জ বিধানসভা সভার বিধায়ক রেখা পাত্র। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বচসায় জড়ানোর অভিযোগ উঠলো রেখা পাত্রের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি গণশক্তি ডিজিটাল।
ঘটনাটি উত্তর ২৪পরগনার সন্দেশখালি থানার বউ ঠাকুরানী এলাকার। এই এলাকাতেই রেখা পাত্রের বাপের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপের বাড়ির সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বেশ কয়েক বছর ধরেই বিবাদ চলে আসছে। সেই সম্পত্তি নিয়ে ২০২৫ সালে রেখা পাত্র ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয় সঞ্জিত নস্করের বিরোধ তৈরি হয় বলে অভিযোগ। অভিযোগ, সঞ্জিত নস্কর ওই জমি জোর করে দখলের চেষ্টা করেছিলেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বসিরহাট আদালতের নির্দেশে ওই জমি নিয়ে স্থগিতাদেশ জারি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সঞ্জিত নস্কর ওই জমিতে যেতে এবং চাষাবাদ করতে পারবেন বলে দাবি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সঞ্জিত নস্কর জমিতে চাষ করতে গেলে খবর পেয়ে সেখানে পৌঁছান রেখা পাত্র। তাকে জমি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই সঞ্জিত নস্কর ও তার পরিবারের সদস্যদের সঙ্গে রেখা পাত্রের বচসা শুরু হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে রেখা পাত্রকেও বচসায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, "কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে একটি পক্ষের হয়ে মাঠে নেমেছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। এই রেখা পাত্রই প্রধান মন্ত্রীর স্নেহধন্য। উনি যেটা করেছেন সেটা আইন বিরুদ্ধ কাজ। আইনের বাইরে চলা যাদের কাজ তারাই আগে তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে আছেন।"
Comments :0